নৃশংসতার বিপরীতে অতিরিক্ত শক্তি প্রয়োগ সমাধান নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পেট্রলবোমা হামলাকারীদের প্রতিহত করতে পুলিশকে অতিরিক্ত শক্তি প্রয়োগের ক্ষমতা দেওয়ায় পরিস্থিতি আরও সহিংস হয়ে উঠতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। গতকাল শুক্রবার এক বিবৃতিতে লন্ডনভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাটি বলেছে, নৃশংসতার বিপরীতে অতিরিক্ত শক্তি প্রয়োগ কোনো সমাধান নয়।
‘সরকারপ্রধান হিসেবে আমি অগ্নিসংযোগকারীদের দমনে যেকোনো জায়গায় যেকোনো সময় প্রয়োজনীয় যেকোনো পদক্ষেপ নেওয়ার ক্ষমতা (পুলিশকে) দিচ্ছি’—গণমাধ্যমে প্রকাশিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই বক্তব্য উল্লেখ করা হয় অ্যামনেস্টির বিবৃতিতে। সংস্থাটির বাংলাদেশি গবেষক আব্বাস ফয়েজ বলেন, এ ধরনের বক্তব্যকে বিক্ষোভকারীদের বিরুদ্ধে পুলিশের অপ্রয়োজনীয় ও অতিরিক্ত শক্তি প্রয়োগ, এমনকি বিচারবহির্ভূত হত্যাকাণ্ড উৎসাহিত করার আহ্বান হিসেবে দেখার ঝুঁকি তৈরি হয়। বাংলাদেশের নিরাপত্তা বাহিনী অতীতেও এমনটা করেছে।
বিবৃতিতে বলা হয়, র্যাব-পুলিশের সাম্প্রতিক অভিযানে এক ডজনের বেশি মানুষ নিহত হয়েছে। এর মধ্যে ১২ থেকে ২৮ জানুয়ারি পর্যন্ত ১০টি হত্যাকাণ্ডকে পুলিশ ‘বন্দুকযুদ্ধ’ হিসেবে অভিহিত করেছে।
আব্বাস ফয়েজ বলেন, ‘পুলিশ অভিযানের সময় নিহতের এসব ঘটনার—যার অনেকগুলো বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হিসেবে বিবেচিত হতে পারে—যথাযথ তদন্ত হওয়া উচিত এবং যারা দায়ী, তাদের বিচারের আওতায় আনা উচিত। নিরাপত্তা বাহিনীর কাজ আইনশৃঙ্খলা বজায় রাখা, কিন্তু তারা আইনের ঊর্ধ্বে নয় এবং অতিরিক্ত শক্তি প্রয়োগের পক্ষে তারা কখনোই অজুহাত দাঁড় করাতে পারে না।’
অ্যামনেস্টির এই গবেষক আরও বলেন, ‘আন্তর্জাতিক আইন এবং মান অনুযায়ী, পরিস্থিতি অনুযায়ী যতটুকু প্রয়োজন সেই শক্তি প্রয়োগ করতে পারে পুলিশ। তবে সর্বক্ষেত্রে তাদের উচিত জীবন রক্ষার বিষয়টিকে গুরুত্ব দেওয়া এবং হতাহতের ঝুঁকি কমাতে পদক্ষেপ নেওয়া। কেবল জীবন রক্ষার জন্য একান্ত প্রয়োজন হলেই তারা মারণঘাতী অস্ত্র ব্যবহার করতে পারে।’
আন্তর্জাতিক মানবাধিকার আইনে শান্তিপূর্ণ সমাবেশ ও প্রতিবাদের অধিকার নিশ্চিত করা হয়েছে উল্লেখ করে অ্যামনেস্টির বিবৃতিতে বলা হয়, তবে বিএনপির নেতৃত্বাধীন বিরোধী জোট যেভাবে তা করছে, তা থেকে এটা পরিষ্কার যে তারা রাজনৈতিক উদ্দেশ্যেই একটি নির্দিষ্ট ধারা অনুযায়ী সহিংসতা চালিয়ে যাচ্ছে।
আব্বাস ফয়েজ বলেন, ‘বিএনপিকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এসব অপরাধমূলক কর্মকাণ্ড পরিহার করার জন্য নিজেদের কর্মী-সমর্থককে আহ্বান জানাতে হবে। সব দলেরই উচিত প্রকাশ্যে এসব কর্মসূচির নিন্দা জানানো এবং তদন্ত ও অপরাধীদের বিচারের ক্ষেত্রে সহযোগিতা করতে কর্মী-সমর্থকদের উৎসাহিত করা।’