নৃশংসভাবে কলেজছাত্রকে খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোপালগঞ্জে দুই চোখ উৎপাটন ও হাত-পা ভাঙা অবস্থায় এক কলেজছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে৷ গতকাল রোববার গোপালগঞ্জ সদরের আমুরিয়া গ্রাম থেকে লাশটি উদ্ধার করে পুলিশ৷
ওই ছাত্রের নাম মেজবা চৌধুরী (২৪)৷ তিনি আমুরিয়া গ্রামের জাফর চৌধুরীর ছেলে এবং গোপালগঞ্জ বঙ্গবন্ধু কলেজের স্নাতক প্রথম বর্ষের ছাত্র। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে৷
নিহতের পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত শুক্রবার সন্ধ্যায় মেজবা শহরে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন৷ এর পর থেকে তিনি নিখোঁজ ছিলেন। গতকাল সকালে গ্রামের লোকজন গরু চড়াতে গিয়ে একটি জমিতে মেজবার লাশ পড়ে থাকতে দেখেন৷ লাশের দুই চোখ উৎপাটন করা ছিল৷ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্নের পাশাপাশি হাত-পা ভাঙা ছিল। বেলা সাড়ে ১১টার দিকে সদর থানার পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠায়।
জাফর চৌধুরী বলেন, তাঁর ছেলে ভালোবেসে একই উপজেলার মাটলা গ্রামের সানজিদা বেগমকে ২১ মে বিয়ে করেন৷ বিয়ের পর থেকে সানজিদা স্বামীর সঙ্গেই থাকছে৷ তিনি আরও বলেন, তাঁর সঙ্গে জমিজমা নিয়ে প্রতিবেশী আলী আকবর সিকদারের বিরোধ চলছে৷ এই বিরোধের জের ধরে আদালতে পাল্টাপাল্টি মামলাও হয়েছে। তাঁর ছেলেকে অপহরণ ও হত্যার পেছনে আলী আকবরের হাত থাকতে পারে।
ঘটনার পর থেকে আলী আকবরকে এলাকায় পাওয়া যাচ্ছে না৷ তাঁর স্ত্রী হাদিয়া বেগম বলেন, ‘তাদের সঙ্গে মামলা থাকতে পারে৷ তবে হত্যার সঙ্গে আমরা জড়িত নই৷’
সদর থানার ভাপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন মোল্লা বলেন, ধারণা করা হচ্ছে, মেজবাকে শ্বাসরোধে হত্যার পর লাশের ওপর নৃশংসতা চালানো হয়৷ হাত-পা ভেঙে ফেলা হয়৷ এর পেছনে প্রতিহিংসা কাজ করে থাকতে পারে।