নীলফামারী সদর উপজেলায় দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ে গেছে দুটি হিন্দু পরিবারের সাতটি ঘর ও মালামাল। গতকাল রোববার উপজেলার লক্ষ্মীচাপ ইউনিয়নের নৃসিংহ গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ দুজনকে আটক করেছে। অগ্নিকাণ্ডে ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ওই দুটি পরিবার দাবি করেছে। এ নিয়ে চলতি মাসে এই গ্রামে পঞ্চম দফায় অগ্নিসংযোগের ঘটনা ঘটল।
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল বেলা ১১টার দিকে নৃসিংহ গ্রামের তৈলক্ষ রায়ের বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। পরে তৈলক্ষের পাঁচটি ও তাঁর প্রতিবেশী সুবাস চন্দ্র রায়ের দুটি ঘরে আগুন ছড়িয়ে পড়ে। ১৫-২০ মিনিটের মধ্যে তাঁদের সাতটি ঘর ও ঘরে থাকা সব মালামাল পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে আসার আগেই এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণে আনেন। এ সময় সেখান থেকে পালানোর সময় এলাকাবাসী দুজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন।
তৈলক্ষ রায় বলেন, ‘বাড়িতে আমি ও আমার স্ত্রী থাকি। আমার স্ত্রী শ্যামলী রানী রায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। সকালে সে স্কুলে গেলে আমি বাড়ির বাইরে গরু দেখতে যাই। এ সময় দুর্বৃত্তরা আমার বাড়িতে আগুন ধরিয়ে দেয়। এটি একটি নাশকতামূলক ঘটনা।’
সুবাস চন্দ্র রায় জানান, গত ২০ দিনে তাঁর বাড়ির শৌচাগার, প্রতিবেশী ফণীভূষণ রায়, হরিকিশোর রায় ও নরেশ চন্দ্র রায়ের খড়ের গাদায় আগুন দেওয়া হয়েছে। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হলেও পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি।
এলাকাবাসী জানান, লক্ষ্মীচাপ ইউনিয়নটি সদর উপজেলার হিন্দু-অধ্যুষিত। জামায়াতের নেতা কাদের মোল্লার ফাঁসির রায় কার্যকর হওয়ার রাতে ওই ইউনিয়নে ব্যাপক ভাঙচুর এবং বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। সেই সময় থেকে হিন্দু সম্প্রদায়ের লোকজন আতঙ্কে রয়েছেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান পাশা বলেন, ‘ঘটনাটি কীভাবে সংঘটিত হয়েছে, সে ব্যাপারে আমরা পরিষ্কার না। ক্ষতিগ্রস্তরা মামলার প্রস্তুতি নিয়েছে।’
ওসি আরও জানান, গতকালের ঘটনায় আটক হওয়া দুজন হলেন ঢাকার সাভারের টেপুর আলীর স্ত্রী জয়গুন (৪০) এবং সদর উপজেলার পলাশবাড়ী গ্রামের আমিনুল ইসলাম (৪৫)।