নীলফামারী সদর উপজেলার গোড়গ্রাম ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান প্রার্থীরা ভোটের প্রচারণা চালিয়ে যাচ্ছেন। এ পর্যন্ত সেখানে তেমন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আগামী বৃহস্পতিবার এ ইউনিয়নে ভোট গ্রহণ হবে।
একাধিক ভোটার গতকাল সোমবার বলেন, নির্বাচনী মাঠে একের বিরুদ্ধে অপরের অভিযোগ করাটাই যখন রীতিতে পরিণত হয়েছে, তখন গোড়গ্রামে ভিন্ন চিত্র দেখা যাচ্ছে। এখানে শান্তিপূর্ণ পরিবেশে প্রার্থীরা প্রচারণা চালাচ্ছেন। নেই কোনো অভিযোগ, মিলেমিশে করি ভোট।
স্থানীয় বাসিন্দা সূত্র জানায়, ইউনিয়নের প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা হলেন আওয়ামী লীগের রেয়াজুল ইসলাম, বিএনপির আমিনুজ্জামান ওরফে সাহেব আলী, স্বতন্ত্র প্রার্থী মশিউর রহমান ও ইলিয়াছ হোসেন।
গোড়গ্রাম ইউপি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মহব্বত হোসেন বলেন, এখানে প্রার্থীদের কারও বিরুদ্ধে তেমন কোনো অভিযোগ পাওয়া যায়নি।
গতকাল বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায় শান্তিপূর্ণ পরিবেশ। প্রার্থী ও কর্মী-সমর্থকেরা যে যাঁর মতো প্রচারণা চালাচ্ছেন। প্রচারণায় কোনো প্রার্থীর বিরুদ্ধে কেউ বিদ্বেষ প্রচার করছেন না। সবাই নিজের পক্ষে ভোট চাইছেন।
বিএনপির প্রার্থী আমিনুজ্জামান বলেন, ‘সৌহার্দ্যপূর্ণ পরিবেশে প্রচারণা চালাচ্ছি। আচরণবিধি মেনে যে যার মতো করে কাজ করছি। প্রচারণা শেষে একে অপরের নির্বাচনী অফিসে বসে কথা বলছি, ব্যক্তিগত খোঁজখবর নিচ্ছি। আমরা সবাই এলাকার মানুষ। এলাকার সৌহার্দ্য ও শান্তি বজায় রাখা আমাদের দায়িত্ব। কিছু কথা মানুষ বলে বেড়াচ্ছে, আওয়ামী লীগের প্রার্থী নাকি একটা ভোট পেলেও চেয়ারম্যান হবেন। এতে নির্বাচনের দিনটিকে নিয়ে ভোটারদের মধ্যে শঙ্কা ছড়াচ্ছে। তবে আমি এসব কথার ভিত্তি খুঁজে পাইনি।’
আওয়ামী লীগের প্রার্থী রেয়াজুল ইসলাম বলেন, ‘সুন্দর ও শান্তিপূর্ণ নির্বাচন হোক এটাই আমি চাই। শান্তি বজায় রাখার জন্য দলবল ছাড়াই একা একা ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছি। যার প্রতি আস্থা পাবে, জনগণ তাকে ভোট দেবে। কোথাও বলিনি, একটা ভোট পেলেও চেয়ারম্যান হব। এটি অপপ্রচার।’
স্বতন্ত্র প্রার্থী ইলিয়াছ হোসেন বলেন, ‘আমরা মিলেমিশে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি। প্রচারণার ব্যস্ততার ফাঁকেও প্রার্থীরা একত্র হয়ে গল্পগুজব ও হাসিঠাট্টা করছি, চা খাচ্ছি। এ কারণে অপ্রীতিকর ঘটনার খবর নেই। তবে কার মনে কী আছে জানা কঠিন। তাই গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্রে অধিক নিরাপত্তার দাবি জানাই।’
অপর স্বতন্ত্র প্রার্থী মশিউর রহমান বলেন, ‘আমাদের প্রার্থীদের মধ্যে কোনো বিভেদ নেই। সকলেই একসঙ্গে বসে কথা বলি। এ কারণে কর্মী ও সমর্থকদের মধ্যে সৌহার্দ্য রয়েছে। কিছু কিছু কর্মী-সমর্থক সমস্যা সৃষ্টি করলেও তা উল্লেখযোগ্য নয়। ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে নিরাপত্তা জোরদার করলে শান্তিপূর্ণ ভোট হবে।’