নেই চিত্রার আয়না-বাতি!

নতুন বগিগুলোর বয়স ছয় মাসও হয়নি। কিন্তু এরই মধ্যে ঢাকা-খুলনা রুটের চিত্রা ট্রেনটির বেসিন ও শৌচাগারের অধিকাংশ আয়না কে বা কারা খুলে নিয়ে গেছে। নেই শৌচাগারের নিয়ন বাতি আর ট্যাপও। নতুন বগির অনেক জানালার কাচও ভাঙা।
রেল কর্তৃপক্ষ অবশ্য বলছে, গত বছরের আগস্ট মাসে ঢাকা-খুলনা রুটে নতুন রেলওয়ে কোচ দিয়ে চিত্রার নতুন যাত্রা শুরু হয়। প্রতিটি বগিতে বেসিনের সামনে ছিল আয়না। শৌচাগারগুলোতেও ছিল আয়না ও নিয়ন বাতি। ছিল আধুনিক সরঞ্জামাদিও। কিন্তু ছয় মাসের মধ্যে এগুলোর অনেক কিছু চুরি হয়ে গেছে।
গত ১৫ জানুয়ারি সরেজমিনে দেখা গেছে, ঢাকা-খুলনা রুটে যাতায়াতকারী চিত্রা ট্রেন সাধারণত ১৪টি বগি নিয়ে চলাচল করে। প্রতিটি বগিতে দুটি করে শৌচাগার আছে। এর মধ্যে চার–পাঁচটি ছাড়া বাকি সব কটির আয়না খুলে নেওয়া হয়েছে। বাথরুমের সামনে হাত-মুখ ধোয়ার ট্যাপ থাকলেও সেখানে আয়নাগুলো নেই। শৌচাগারে যে নিয়ন বাতি ছিল, তার অধিকাংশ চুরি হয়েছে।
রেলমন্ত্রী মুজিবুল হক প্রথম আলোকে বলেন, চিত্রা যেখানে বাতি নেই ও আয়না নেই, সেখানে শিগগিরই তা পুনস্থাপন করা হবে। রেলের নিরাপত্তা বাহিনীকে নির্দেশ দেব, এই চুরির সঙ্গে জড়িতদের খুঁজে বের করে আইনের আওতায় আনার জন্য।’

ট্রেনের দায়িত্বরত নিরাপত্তাপ্রহরী আলাউদ্দিন প্রথম আলোকে বলেন, চিত্রা ট্রেনে যা ছিল তা ঢাকার নামীদামি হোটেলেও নেই। শৌচাগারের সামনে ছিল লুকিং গ্লাস। এগুলোর অনেক দাম। বাথরুমে দামি ট্যাপ ছিল। কিন্তু এগুলো কে বা কারা চুরি করে নিয়ে গেছে।
চিত্রা ট্রেনের নিয়মিত যাত্রী আবদুর রহমান বলেন, ঢাকা-খুলনা যাতায়াত করেন ট্রেনে করেই। গত বছর যখন নতুন বগি দিয়ে এই ট্রেন চলাচল শুরু হয়, তখন তিনি একাধিকবার যাত্রী হয়ে খুলনা গিয়েছেন। এর আগে কখনো ট্রেনে এত সুযোগ-সুবিধা ছিল না। অনেক আধুনিক ট্রেন এটি। আয়না, ট্যাপ, নিয়ন বাতি ইত্যাদি সরঞ্জামাদি ছিল। ট্রেনের সেই আগের অবস্থা এখন নেই। সব চুরি হয়ে যাচ্ছে।
সরঞ্জামাদি চুরি হয়ে যাওয়ার কথা স্বীকার করেন এনামুল হক নামের একজন অ্যাটেনডেন্ট। তিনি বলেন, ‘ট্রেনের যাত্রী হয়ে চোরেরা ট্রেনের গ্লাসসহ অনেক জিনিস চুরি করে নিয়ে গেছে। নাম প্রকাশ না করার শর্তে ওই ট্রেনের একজন কর্মচারী বলেন, ‘ট্রেনের সব ভালো জিনিস নাই হয়ে যাচ্ছে। গত সপ্তাহে যে জিনিস দেখছি, তা আর দেখা যাচ্ছে না।’
মোজাম্মেল হক নামের এক যাত্রী মনে করেন, ট্রেনের কর্মচারীদের যোগসাজশে চোরেরা গ্লাস, বাতি, ট্যাপ চুরি করে নিয়ে যাচ্ছে। ট্রেনের নিরাপত্তাপ্রহরী, অ্যাটেনডেন্ট, এসি অপারেটররা যদি সঠিকভাবে দায়িত্ব পালন করতেন, তাহলে এভাবে ট্রেনের জিনিসপত্র চুরি হতো না।
নতুন এই ট্রেনটির জিনিসপত্র চুরি হওয়ার পাশাপাশি শীতাতপনিয়ন্ত্রিতকক্ষসহ অন্যান্য কক্ষের অন্তত ১০টি জানালার কাচ ভাঙা দেখা গেছে। ট্রেনটির শীতাতপ–নিয়ন্ত্রণকক্ষের দায়িত্ব পালনকারী এক কর্মচারী বলেন, রাস্তার পাশ থেকে ‘দুষ্টু’ ছেলেরা পাথর ছুড়ে জানালার গ্লাস ভেঙে ফেলেছে।
নাম প্রকাশ না করার শর্তে বাংলাদেশ রেলওয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, যাত্রীরাই ট্রেনের আয়না, বাতি, ট্যাপ খুলে নিয়ে গেছে। আগে দেখা গেছে, শৌচাগারের বদনা চুরি হতো প্রায়। তাই দড়ি দিয়ে প্লাস্টিকের বদনা আটকে রাখা হতো। ১০ টাকা দামের প্লাস্টিকের বদনা যদি চুরি হয়, তাহলে হাজার টাকার লুকিং গ্লাস, ট্যাপ, বাতি চুরি হবে, এটাই স্বাভাবিক। যাত্রীদের জন্য আধুনিক সব সুযোগ-সুবিধা রাখা হয়েছে চিত্রা ট্রেনে। যাত্রীরা যদি সচেতন হতো, তাহলে এত অল্প দিনে এতসব জিনিস চুরি হতো না।
বাংলাদেশ রেলওয়ের বিভাগীয় ব্যবস্থাপক আরিফুজ্জামান প্রথম আলোকে বলেন, চিত্রা ট্রেনটিতে রয়েছে আধুনিক সুযোগ-সুবিধা। যেসব জিনিস চুরি হয়েছে, সেগুলো আবার সেখানে লাগানো হবে।

রেলওয়ে সূত্র বলছে, ঢাকা-খুলনা রুটে চলাচলকারী চিত্রা ট্রেনের প্রতিটি কোচের দাম প্রায় ৫ কোটি ২০ লাখ টাকা। প্রতিটি মিটারগেজ কোচের দাম প্রায় ৪ কোটি ৪০ লাখ টাকা । এর মধ্যে দুটি শীতাতপনিয়ন্ত্রিত স্লিপার কোচ, দুটি এসি চেয়ার কোচ, ছয়টি শোভন চেয়ার এবং দুটি পাওয়ার কার রয়েছে। চিত্রা ট্রেনটি ঢাকার কমলাপুর স্টেশন থেকে ছেড়ে যায় সন্ধ্যা সাতটায়। খুলনা থেকে ছেড়ে আসে সকাল সাড়ে আটটায়।
আক্ষেপের সুরে খলিলুর রহমান নামের এক যাত্রী বলেন, চিত্রা ট্রেনটি সত্যি সুন্দর। আগে এমন ছিল না। শোভন সিট বলে কিছু নেই। সবই চেয়ার। ট্রেনটির শৌচাগার, লাইট, ফ্যান, খাবারের ব্যবস্থা ইত্যাদি সবই ভালো। যাত্রা শুরুর সময় চিত্রায় যেসব আধুনিক সরঞ্জাম ছিল, সেগুলো দেখতে না পেয়ে খুব খারাপ লাগে। ট্রেন কর্তৃপক্ষ যদি আরও সচেষ্ট হতো, তাহলে বোধ হয় এগুলো ঠেকানো যেত।