
শ্যামলীর শিশুমেলা মোড়ে পদচারী-সেতু কিংবা জেব্রা ক্রসিং না থাকায় ঝুঁকি নিয়ে সড়ক পারাপার হচ্ছেন পথচারীরা। সড়কের দুই পাশে বেশ কয়েকটি সরকারি-বেসরকারি হাসপাতাল থাকায় রোগী ও স্বজনদের সড়ক পারাপারে ভোগান্তিতে পড়তে হয়। চলন্ত যানবাহনের সামনে দিয়ে দৌড়ে পার হওয়ার কারণে যেকোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা।
শিশুমেলা মোড়ের দুই পাশে ও আগারগাঁওয়ের সৈয়দ মাহবুব মোর্শেদ সরণিতে বেশ কয়েকটি সরকারি-বেসরকারি হাসপাতাল অবস্থিত। এর মধ্যে রয়েছে ঢাকা শিশু হাসপাতাল, জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (পঙ্গু হাসপাতাল), জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট, ন্যাশনাল ইনস্টিটিউট অব কিডনি ডিজিজেস, জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট অন্যতম। প্রতিদিন এসব হাসপাতালে আসা হাজারো রোগী, রোগীর স্বজন ও সাধারণ পথচারীদের শিশুমেলার সামনের সড়কটি পার হতে হয়।
গতকাল শনিবার শিশুমেলা মোড়ে দেখা যায়, দুই পাশেই লোকজন সড়ক পার হওয়ার অপেক্ষায় দাঁড়িয়ে আছেন। সারিবদ্ধ চলন্ত গাড়ির মাঝখানে কিছুটা ফাঁকা জায়গা পেলেই হাত উঁচিয়ে দৌড় দিচ্ছেন। সড়ক বিভাজকের ওপরে উঠে আবার অনেকক্ষণ দাঁড়াতে হচ্ছে। গাড়ির গতি কিছুটা কমলে চলন্ত গাড়ির সামনে একইভাবে দৌড়ে বাকি অংশ পার হচ্ছেন।
রাস্তা পার হওয়ার অপেক্ষায় থাকা নুরুল হুদা বলেন, ‘প্রতিদিন এখান থেকে রাস্তা পার হতে হয়। এখানে আগে ক্রসিং ছিল, সিগন্যাল পড়লেই রাস্তা পার হতাম। এখন সেই সিগন্যাল তুলে দেওয়া হয়েছে। কোনো ফুটওভারব্রিজ, এমনকি জেব্রা ক্রসিং নেই। এত দ্রুতগতিতে গাড়িগুলো যাওয়া-আসা করায় রাস্তা পার হওয়ার সুযোগই পাওয়া যায় না।’
পুলিশের ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, একসময় মিরপুর রোড ধরে আসা রোকেয়া সরণি ও মিরপুর ১০ নম্বর গন্তব্যের যানবাহনগুলো শিশুমেলা ক্রসিং দিয়ে আগারগাঁও হয়ে চলে যেত। তখন ট্রাফিক সংকেত ও ট্রাফিক পুলিশ থাকায় লোকজন নিরাপদে পার হতে পারতেন। বছর দুয়েক আগে যানজট কমাতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগের পক্ষ থেকে শিশুমেলা মোড়টিতে যানবাহন ঘোরানো স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হয়। এখন মিরপুর ১০ ও রোকেয়া সরণিগামী গাড়িগুলো আসাদগেটের মানিক মিয়া অ্যাভিনিউ দিয়ে চলাচল করে। ফলে মিরপুর রোড ধরে আসা যানবাহনগুলো দ্রুতগতিতে শিশুমেলা মোড় পার হয়ে গাবতলীর দিকে চলে যায়।
শিশুমেলা মোড়ে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে দেখা যায়, প্রতি মিনিটে ২০-৩০ জন দৌড়ে ঝুঁকি নিয়ে রাস্তা পার হচ্ছেন। অনেকে এক পা এগিয়ে চলন্ত গাড়ির কারণে আবার দুই পা পিছিয়ে যাচ্ছিলেন। অনেক কসরত করে অবশেষে সড়ক পার হতে পারছেন।
সাভার থেকে অসুস্থ মেয়েকে নিয়ে শিশু হাসপাতালে এসেছিলেন মনিরুজ্জামান। চিকিৎসা শেষে সাভার ফিরে যাবেন। বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থেকেও মেয়েকে নিয়ে সড়ক পার হতে পারছিলেন না। মনিরুজ্জামান বলেন, ‘এত জোরে চলা গাড়ির সামনে দিয়া পার হওয়াই মুশকিল। একটা ওভারব্রিজ থাকলে পার হওয়া সহজ হতো।’
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) পক্ষ থেকে মিরপুর রোডের কল্যাণপুরের পদচারী-সেতু থেকে ধানমন্ডি ২৭ নম্বর পর্যন্ত অংশের উন্নয়নকাজ চলছে। এর অংশ হিসেবে শ্রমিকেরা শ্যামলী থেকে কলেজগেট পর্যন্ত সড়কের বিভাজক সংস্কারের কাজ করছেন। বিদ্যমান সড়ক বিভাজক তুলে নতুন বিভাজক বসানো হচ্ছে। নতুন বসানো বিভাজক আগেরগুলোর চেয়ে বেশি উঁচু। ফলে পথচারীদের সড়ক পারাপারে কষ্ট বেশি হচ্ছে।
ডিএনসিসির আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা অজিয়র রহমান বলেন, শিশুমেলা মোড়ের মতো ব্যস্ত সড়কে পদচারী-সেতু জরুরি। আগেও এখানে একটি পদচারী-সেতু করার বিষয়ে আলোচনা হয়েছিল। জায়গাসংক্রান্ত জটিলতায় তখন করা যায়নি। শিশুমেলা মোড়ে পদচারী-সেতু নির্মাণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।