নেই বিদ্যুৎ-সংযোগ তবু বিল আসছেই!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পল্লী বিদ্যুৎ সমিতি টাঙ্গাইলের গোপালপুর উপজেলা আঞ্চলিক কার্যালয়ের বিরুদ্ধে সেচ-গ্রাহকদের কাছ থেকে সংযোগ বিচ্ছিন্ন করার পরও বিল আদায়ের অভিযোগ পাওয়া গেছে। ভুতুড়ে বিল করে গ্রাহকদের কাছ থেকে ইতিমধ্যে তারা বিপুল অঙ্কের টাকা আদায় করেছে। ভুক্তভোগী গ্রাহকেরা বারবার অভিযোগ করলেও এ সমস্যার কোনো সমাধান হয়নি। উল্টো তাঁদের বিরুদ্ধে মামলাসহ নানাভাবে হয়রানি করা হচ্ছে।খোঁজ নিয়ে জানা গেছে, এই সমিতির অধীনে জেলার গোপালপুর, ঘাটাইল ও ভূয়াপুর উপজেলায় বিদ্যু-তের চার হাজার ২০০ সেচ-গ্রাহক আছেন। সেচ মৌসুম শেষ হওয়ার পর গত মে মাসে তাঁরা ১০০ টাকা ফি দিয়ে সংযোগ বিচ্ছিন্ন করে নিয়েছেন। অথচ তাঁদের নামে বিল আসছে। গোপালপুর উপজেলার সুন্দর গ্রামের বাসিন্দা শাহজাহান আলী জানান, সংযোগ বিচ্ছিন্ন করার পরও জুন মাসে তাঁর নামে ৪১০ টাকা বিল এসেছে। ঘাটাইল উপজেলার ঝুনকাইল গ্রামের আবু হানিফ জানান, জুন মাসে তিনি খরচ করেছেন মাত্র ১৫ ইউনিট। অথচ বিল হয়েছে ১১৫ ইউনিটের। ভূয়াপুর উপজেলার নিকলা গ্রামের মজনু মিয়া বলেন, বিধি মোতাবেক সংযোগ বিচ্ছিন্ন করার পরও তাঁকে অতিরিক্ত তিন হাজার ১৫০ টাকা বিল দিতে হয়েছে।একাধিক গ্রাহক নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, ইতিমধ্যে জুলাই মাসের বিলও তাঁরা পেয়েছেন। এ অবস্থায় তাঁরা চরম হতাশ। বিক্ষুব্ধ গ্রাহকেরা জানান, এসব ভুতুড়ে বিলের প্রতিবাদে গত জুলাই মাসে তাঁরা আঞ্চলিক কার্যালয় ঘেরাও করেন। প্রতিবাদের এ ঘটনায় উল্টো আটজন সেচ-গ্রাহককে আসামি করে থানায় মামলা করা হয়েছে।সমস্যা সমাধানের জন্য ২৫ জুলাই গোপালপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইউনূস ইসলাম তালুকদার স্থানীয় পল্লী বিদ্যুৎ সমিতির ঊর্ধ্বতন কর্মকর্তা ও গ্রাহকদের নিয়ে বৈঠক করেন। এ প্রসঙ্গে ইউনূস ইসলাম তালুকদার বলেন, ‘ভুতুড়ে বিলের ব্যাপারে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায় আলোচনা হয়েছে এবং তা দ্রুত সমাধানের চেষ্টা চলছে।’অভিযোগ সম্পর্কে জানতে চাইলে পল্লী বিদ্যুৎ সমিতি গোপালপুর আঞ্চলিক কার্যালয়ের ভারপ্রাপ্ত উপমহাব্যবস্থাপক সোলায়মান মিঞা বলেন, ‘আমি সম্প্রতি অতিরিক্ত দায়িত্ব নিয়ে গোপালপুরে এসেছি। কোনো গ্রাহকের বিল নিয়ে অভিযোগ থাকলে তা সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’