নেই যাত্রীছাউনি নেই শৌচাগার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ির দীঘিনালা কেন্দ্রীয় বাস টার্মিনালে কোনো যাত্রীছাউনি নেই। ফলে রোদ, বৃষ্টিতে ভোগান্তির শিকার হতে হয় যাত্রীদের। এই টার্মিনালে নেই কোনো গণশৌচাগার। এতে যাত্রীদের পাশাপাশি পরিবহন শ্রমিকদেরও চরম ভোগান্তি পোহাতে হয়।
টার্মিনালের আশপাশে সব সময় পড়ে থাকে আবর্জনা। যাত্রীদের এই আবর্জনা মাড়িয়ে গাড়িতে উঠতে হয়।
উপজেলা প্রশাসন সূত্র জানায়, ১৯৮৯ সালে দীঘিনালা বাস টার্মিনাল প্রতিষ্ঠা করা হয়। ওই সময় যাত্রীছাউনি থাকলেও ২০১২ সালের ২৯ জুন রাতে আগুনে তা পুড়ে যায়। এরপর আর পুনর্নির্মাণ করা হয়নি। ২০০৯ সালের পর বাস টার্মিনাল ব্যবস্থাপনা কমিটির আর কোনো সভাও হয়নি। এই টার্মিনাল থেকে প্রতিদিন ঢাকা, চট্টগ্রাম, ফেনীসহ অভ্যন্তরীণ রুটে দুই শতাধিক গাড়ি যাতায়াত করে।
বাস টার্মিনাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শহীদ হোসেন চৌধুরী বলেন, বাস টার্মিনালটির উন্নয়ন করা অবশ্যই প্রয়োজন। শিগগিরই বাস টার্মিনাল ব্যবস্থাপনা কমিটির সভা ডাকা হবে। বাস টার্মিনালে গণশৌচাগার নির্মাণের জন্যও প্রকল্প নেওয়া হবে।