নেই শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল, খেলার মাঠ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ২ নম্বর ওয়ার্ডটির আয়তন ১৩ বর্গকিলোমিটার। বসবাস প্রায় আট লাখ মানুষের। অথচ গোটা ওয়ার্ডে নেই কোনো সরকারি শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল কিংবা খেলার মাঠ। সেই সঙ্গে ফুটপাতহীন অপ্রশস্ত সড়ক ওয়ার্ডবাসীর ভোগান্তির অন্যতম কারণ।
গতকাল বৃহস্পতিবার ঢাকার নতুন বিশদ অঞ্চল পরিকল্পনার (ড্যাপ) আওতায় এলাকাভিত্তিক জনমত যাচাইয়ের উদ্দেশ্যে জনপ্রতিনিধি ও স্থানীয়দের সঙ্গে মতবিনিময়ের জন্য আয়োজিত এক সভায় এসব সমস্যার কথা উঠে আসে। নতুন ড্যাপ প্রণয়নের জন্য গঠিত রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) একটি দল ও পরামর্শক প্রতিষ্ঠান ডেভেলপমেন্ট ডিজাইন কনসালট্যান্টস (ডিডিসি) লিমিটেড যৌথভাবে এ সভার আয়োজন করে।
গোড়ান এলাকায় অনুষ্ঠিত এ সভায় নতুন ড্যাপের প্রকল্প পরিচালক আশরাফুল ইসলামের উপস্থিতিতে ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আনিসুর রহমান সরকার ও স্থানীয়রা বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। তাঁরা বলেন, আয়তন ও জনসংখ্যার দিক থেকে এটি ঢাকার অন্যতম একটি বড় ওয়ার্ড হলেও এখানে কোনো সরকারি বিদ্যালয়, হাসপাতাল কিংবা খেলার মাঠ নেই। সরু ও ফুটপাতবিহীন সড়কগুলোর কিছু কিছু প্রশস্ত করা হলেও রাস্তার ল্যাম্পপোস্টগুলো আগের অবস্থানে থাকায় তেমন সুবিধা পাওয়া যাচ্ছে না। এ ছাড়া বাড়িঘরের ওপর দিয়ে আগের ড্যাপের রাস্তা চলে যাওয়ার সমস্যাও আছে।
এ অবস্থায় ওয়ার্ডের সড়কগুলো প্রশস্ত করার পাশাপাশি চাঁন্দের ঝিল এলাকার সরকারি খাসজমিতে একটি সরকারি হাসপাতাল, একটি বিদ্যালয়, কমিউনিটি সেন্টার ও খেলার মাঠ গড়ে তোলার দাবি জানান তাঁরা। সেই সঙ্গে হাওয়াই খাল ও ছায়াবীথির সংযোগ সড়কে একটি বক্স কালভার্ট নির্মাণের পাশাপাশি ওয়ার্ডের বর্জ্য ব্যবস্থাপনা প্রক্রিয়াকে ঢেলে সাজানোর পরামর্শ দেন তাঁরা।
এর আগে খিলগাঁওয়ে ১ নম্বর ওয়ার্ডে অনুষ্ঠিত সভায় অন্যদের সঙ্গে অংশ নেন রাজউকের সদস্য (পরিকল্পনা) জিয়াউল হাসান। তিনি বলেন, এভাবে মাঠপর্যায়ে জনমত যাচাই ও পর্যবেক্ষণের ভিত্তিতে অধিকতর নির্ভুল ড্যাপ প্রণয়ন করা সম্ভব হবে।
প্রকল্প পরিচালক আশরাফুল ইসলাম বলেছেন, নতুন ড্যাপের পরিকল্পনা করা হচ্ছে জনবান্ধব শহর গড়ে তোলার লক্ষ্যে। এ কারণে জনগণের চাহিদা ও মতামতের ভিত্তিতে এবার রাজধানী ও আশপাশের এলাকার পরিকল্পনা প্রণয়ন করা হচ্ছে। বলা চলে, নিজ নগরের পরিকল্পনা নগরবাসী নিজেরাই তৈরি করছেন। বিদ্যমান ড্যাপে সে সুযোগ ছিল না। তাই এখানে ভুলের পরিমাণও বেশি। কিছুটা বিতর্কিতও।