নেই শুধু যাত্রীসেবা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গেন্ডারিয়া রেলস্টেশনে বিশ্রামাগার না থাকায় যাত্রীদের প্ল্যাটফর্মে এভাবে দাঁড়িয়ে-বসে থাকতে হয়। ছবিটি গত         বৃহস্পতিবার তোলা l প্রথম আলো
গেন্ডারিয়া রেলস্টেশনে বিশ্রামাগার না থাকায় যাত্রীদের প্ল্যাটফর্মে এভাবে দাঁড়িয়ে-বসে থাকতে হয়। ছবিটি গত বৃহস্পতিবার তোলা l প্রথম আলো

প্রয়োজনীয় অবকাঠামো ও পর্যাপ্ত লোকবলের অভাবে সেবা পাচ্ছে না রাজধানীর গেন্ডারিয়া রেলওয়ে স্টেশনের যাত্রীরা। অথচ ঢাকা-নারায়ণগঞ্জ যাতায়াতের জন্য স্টেশনে যাত্রীর কমতি নেই। স্টেশনটি চারপাশে খোলা থাকায় এখানে মাদকাসক্ত ও ভাসমান মানুষের অবাধ বিচরণ। এতে যাত্রীরা নিরাপত্তাহীনতা বোধ করছে।
রাজধানীর কমলাপুর থেকে নারায়ণগঞ্জ পথে তিনটি ট্রেন দিনে ৩২ বার যাতায়াত করে। এই স্টেশন থেকে ট্রেনে ঢাকা ও নারায়ণগঞ্জের পথে দিনে যাতায়াত করে প্রায় তিন হাজার যাত্রী। স্টেশনে যাত্রীদের জন্য দুটি বিশ্রামাগার ও শৌচাগার থাকলেও তা ব্যবহারের সুযোগ নেই। এগুলো সব সময় থাকে তালাবদ্ধ। নেই বিশুদ্ধ পানির কোনো ব্যবস্থা।
স্থানীয় বাসিন্দা ও ট্রেনযাত্রীরা জানান, এই স্টেশনের বিশ্রামাগার ও শৌচাগার ব্যবহারের ব্যবস্থা করা হলে ট্রেনে করে কমলাপুর ও নারায়ণগঞ্জ যেতে আরও বেশি আগ্রহী হবে যাত্রীরা। কেননা, ট্রেনে করে খুব অল্প সময় ও খরচে এ দুটি গন্তব্যে যাওয়া যায়।
গেন্ডারিয়া রেলওয়ে স্টেশনের স্টেশনমাস্টার গাজী মোশারেফ হোসেন প্রথম আলোকে বলেন, স্টেশনে গড়ে আধা ঘণ্টা পর পর ট্রেন যাতায়াত করে। যাত্রীদের দীর্ঘক্ষণ প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকতে হয় না। প্ল্যাটফর্মের বিভিন্ন স্থানে বসার জায়গা আছে। সকালে অফিসের সময় বিশ্রামাগার ও শৌচাগার খোলা থাকে। পরে কেউ চাবি চাইলে দেওয়া হয়। তিনি বলেন, সরকার ঢাকা-নারায়ণগঞ্জ রেললাইন সংস্কারের উদ্যোগ নিয়েছে। তা করা হলে গেন্ডারিয়ায় নির্মিত হবে একটি অত্যাধুনিক রেলস্টেশন।
গত বৃহস্পতিবার দুপুরে সরেজমিনে দেখা যায়, গেন্ডারিয়া রেলস্টেশনে যাত্রীদের জন্য ছোট আকারের মাত্র দুটি বিশ্রামাগার আছে। উত্তর পাশের বিশ্রামাগার তালা দেওয়া। দক্ষিণ পাশের বিশ্রামাগারের অর্ধেক দখল করে ট্রেনের টিকিট বিক্রি করছেন মেসার্স এস কে ট্রেডিং নামে একটি ঠিকাদার প্রতিষ্ঠানের কর্মী। বাকি অংশে যাত্রীদের জন্য বসার কোনো ব্যবস্থা নেই। প্রায় ৮০-৯০ জন যাত্রী প্ল্যাটফর্মের বিভিন্ন স্থানে দাঁড়িয়ে বা বসে আছে। যাত্রীর তুলনায় প্ল্যাটফর্মের আয়তন ছোট হওয়ায় অনেক যাত্রী ঝুঁকি নিয়েই বসে আছে রেললাইনের ওপর। স্টেশনের চারপাশে ছড়িয়ে আছে ময়লা-আবর্জনা। এ ছাড়া স্টেশনের কোথাও যাত্রীদের জন্য নেই খাওয়ার বা হাত-মুখ ধোয়ার পানির ব্যবস্থা।
নারায়ণগঞ্জ যাওয়ার জন্য স্টেশনের প্ল্যাটফর্মে দুই সন্তানকে নিয়ে ট্রেনের জন্য অপেক্ষা করছিলেন নাসিমা বেগম। তিনি বলেন, স্টেশনে বিশ্রামাগার ও শৌচাগার সব সময় খোলা না থাকায় সবচেয়ে বেশি সমস্যায় পড়েন নারীরা। নাসিমা বলেন, গেন্ডারিয়া থেকে ট্রেনে করে বাসের চেয়ে আগে নারায়ণগঞ্জ পৌঁছানো যায়। ভাড়াও কম লাগে। তা ছাড়া এই স্টেশন থেকে ট্রেনে মাত্র ১০ মিনিটে কমলাপুর যাওয়া যায়। কিন্তু স্টেশনে যাত্রীদের জন্য ন্যূনতম সুযোগ-সুবিধাটুকুও নেই।
নাম প্রকাশে অনিচ্ছুক এই স্টেশনের এক কর্মকর্তা বলেন, স্টেশনের বিশ্রামাগার সব সময় খোলা রাখলে ভাসমান লোকজন এসে সেখানে বসে থাকে। তারা বিশ্রামাগারের শৌচাগার ব্যবহারের পাশাপাশি সেখানে গোসলও করে। এ ছাড়া মাদকাসক্ত ব্যক্তিরা বিশ্রামাগারের ভেতরেই আড্ডা দেয় এবং মাদক সেবন করে। স্টেশনের কর্মকর্তারা ভয়ে কিছু বলতে সাহস পান না। এতে যাত্রীদের নিরাপত্তাহীনতা আরও বেড়ে যায়। তাই একটি নির্দিষ্ট সময়ই শৌচাগার খোলা হয়।
গেন্ডারিয়া রেলস্টেশন সূত্র জানায়, গেন্ডারিয়া স্টেশন থেকে নারায়ণগঞ্জ ও কমলাপুরে যাওয়ার জন্য দিনে ডেমু ট্রেনের গড়ে ২০০ টিকিট বিক্রি করে রেলওয়ে কর্তৃপক্ষ। আর ঠিকাদারি প্রতিষ্ঠান অন্য দুটি ট্রেনের টিকিট বিক্রি করে প্রায় ৮০০। এ ছাড়া আরও প্রায় দুই হাজার যাত্রী বিনা টিকিটে যাতায়াত করে। এই স্টেশনে রেলওয়ের কর্মকর্তা-কর্মচারীর সংখ্যা মাত্র ছয়। পদ আছে ১৮টি। লোকবল কম থাকায় যাত্রীদের পর্যাপ্ত সেবা দেওয়া সম্ভব হয় না।
স্থানীয় বাসিন্দা ফয়সাল আমিন বলেন, স্টেশন এলাকায় সন্ধ্যার পর থেকেই মাদকসেবীদের আড্ডা বসে। প্ল্যাটফর্মে গাঁজার গন্ধ ছড়িয়ে পড়ে।
এ প্রসঙ্গে স্টেশনমাস্টার গাজী মোশারেফ হোসেন বলেন, সন্ধ্যার পর স্টেশন এলাকায় কদমতলী থানা ও রেলওয়ে পুলিশের সদস্যরা টহল দেন। যাত্রীদের কোনো ধরনের সমস্যা হয় না।