নেই সীমানাপ্রাচীর, নারী হাজতখানা অপরিসর কক্ষে চলে দুই আদালত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘সাক্ষীদের ভেতরে ঢোকার মতো জায়গা নেই। জজের খাসকামরায় পাঁচটি চেয়ারও বসানো যায় না। আদালতের কক্ষগুলো খুবই ছোট। এত কম জায়গায় বিচারকাজ চালানো দুরূহ হয়ে পড়েছে।’ সন্দ্বীপ আদালত ভবনের চিত্র তুলে ধরে কথাগুলো বললেন নাম প্রকাশে অনিচ্ছুক একজন আইনজীবীর সহকারী।হারামিয়া পৌর ওয়ার্ড এলাকায় উপজেলা কমপ্লেক্সের পাশে একতলা সন্দ্বীপ আদালত ভবন। এখানে রয়েছে জ্যেষ্ঠ বিচারিক হাকিমের (সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট) আদালত ও জ্যেষ্ঠ (সিনিয়র) সহকারী জজ আদালত। এরশাদ সরকারের আমলে স্থাপিত উপজেলা আদালতেই চলছে বিচারকাজ। এর পরিসর আর বাড়েনি। কিন্তু বর্তমানে চার লাখ জনগোষ্ঠীর এই দ্বীপ উপজেলার মানুষের জন্য এই আদালতের অবকাঠামো উপযোগী নয় বলে মনে করেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।গতকাল সোমবার সরেজমিনে আদালত এলাকায় গিয়ে দেখা যায়, আদালতে চার পাশে কোনো সীমানাপ্রাচীর নেই। সাধারণ হাজতখানাটিও খুবই ছোট। সেখানে ১০ জনেরও থাকার মতো জায়গা হবে না।জানা গেছে, এখানে কোনো নারী হাজতখানা ও পুলিশ ব্যারাক নেই। আদালতপাড়া বা এর আশপাশে কোথাও বিচারকদের জন্য কোনো আবাসন না থাকায় তাঁদের আদালতের বাইরে কোনো এলাকায় থাকার ব্যবস্থা করতে হচ্ছে।আদালতের হাজতখানা ছোট হওয়ায় সন্দ্বীপের আসামিদের স্থান সংকুলানে যেমন সমস্যা হয়, তেমনি কোনো প্রাকৃতিক দুর্যোগের কারণে আসামিদের নদী পার করে চট্টগ্রামে পাঠানো সম্ভব না হলে তাঁদের এখানে রাখাও কঠিন হয়ে পড়ে। জানা গেছে, একসময় উপজেলার হরিশপুরে ছিল সন্দ্বীপ আদালত ভবন। এখানে প্রায় এক একর জায়গার ওপর আলাদাভাবে জজ ও ম্যাজিস্ট্রেটের আবাসিক ভবন ছিল। কিন্তু নদীভাঙনে বিলীন হয়ে যায় সেই ভবন। বর্তমানে আদালত ভবনের পাশেই একটি টিনের ছাউনির একতলা ভবনে চলছে আইনজীবী সমিতির কাজ। জানা গেছে, সমিতির বর্তমান সদস্যসংখ্যা ১২ জন। কিন্তু সমিতির কার্যালয়ে সাতজন সদস্যের চেম্বার করার মতো জায়গা আছে। অন্যরা তাই বাইরে চেম্বার করেছেন।আইনজীবী সমিতির কার্যালয়ে গিয়ে দেখা গেছে, এর ভেতর কিছু অংশ খালি পড়ে আছে। এটি আইনজীবী মিলনায়তন ও লাইব্রেরির জন্য রাখা হয়েছে বলে জানা যায়। এর পাশেই ছোট ছোট কামরা নিয়ে আইনজীবীদের চেম্বার।এসব বিষয়ে জানতে চাইলে সন্দ্বীপ আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক বাদল কান্তি দাশ প্রথম আলোকে বলেন, ‘আমরা আদালত ভবনের বিভিন্ন সমস্যার কথা জেলা জজ মহোদয়কে জানিয়েছি। আর আইনজীবীদের চেম্বার-সংকট নিরসনে বর্তমানে সমিতির কার্যালয়ের ওপর কোনো ব্যবস্থা করা ছাড়া কোনো উপায় নেই।’