বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের ডাকা টানা অবরোধ-হরতালে অনেকটাই নিষ্প্রভ পুরান ঢাকা। অধিকাংশ দোকানপাট খোলা থাকলেও ক্রেতা নেই খুব একটা। ব্যবসা-বাণিজ্যে চলছে মন্দা। বাবুবাজার, ইসলামপুর, বাদামতলী, পাটুয়াটুলী, বাংলাবাজার, শ্যামবাজার, নয়াবাজার ও বংশালে নেই পরিচিত কর্মচাঞ্চল্য।
সড়কপথ ঝুঁকিপূর্ণ হওয়ায় নৌপথে লঞ্চে যাতায়াত করছেন দেশের দক্ষিণাঞ্চলের অধিকাংশ মানুষ। তবে স্বাভাবিক সময়ের তুলনায় লঞ্চে যাত্রীসংখ্যাও কম।
গতকাল বুধবার পুরান ঢাকার বিভিন্ন এলাকা ঘুরে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে এই চিত্র পাওয়া গেছে।
মাসব্যাপী লাগাতার অবরোধ ও হরতালে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন ফুটপাতের ক্ষুদ্র ব্যবসায়ীরা। বেচাবিক্রি না হওয়ায় পথে বসার উপক্রম তাঁদের।
ইসলামপুরে ফুটপাতে তিন-চার বছর ধরে পোশাক বিক্রি করেন শহীদুল ইসলাম (৪০)। জানালেন, দোকানে বেচাকেনা বলতে কিছুই নেই। পুঁজিতে টান লাগছে। এভাবে চলতে থাকলে পরিবার নিয়ে পথে বসতে হবে। স্বাভাবিক সময়ে দিনে চার শ-পাঁচ শ টাকা লাভ থাকলেও এখন তা এক শ থেকে দেড় শ টাকায় নেমে এসেছে।
ইসলামপুরে পাইকারি কাপড়ের দোকান বাংলাদেশ বস্ত্র করপোরেশন। প্রতিষ্ঠানটির মালিক মো. মিসবাহ উদ্দিন বলেন, অবরোধ-হরতালে প্রায় ৭০ শতাংশ বেচাকেনা কমে গেছে। আগে দিনে কাপড় বিক্রি হতো গড়ে দুই লাখ টাকা, এখন মাত্র ২০ হাজার। ফলে দোকান ভাড়া ও কর্মচারীদের বেতন দিতেই হিমশিম খেতে হবে।
হরতালের কারণে ব্যবসা-বাণিজ্যের একই চিত্র দেখা গেল বাদামতলী ফলের আড়তে। আড়তে নেই পর্যাপ্ত ফল। ক্রেতারও তেমন দেখা নেই। এ ছাড়া আড়তসংলগ্ন এলাকায় ফুটপাতে নেই খুচরা বিক্রেতা।
সাথী ফ্রেশ ফ্রুটস লিমিটেডের ব্যবস্থাপক দীলিপ ক্ষোভ প্রকাশ করে প্রথম আলোকে বলেন, হরতালের কারণে রাজধানীর বাইরের ক্রেতারা আসতে পারছেন না। ফলে দোকানে বেচাকেনা অর্ধেকে নেমে এসেছে।
শিক্ষাপ্রতিষ্ঠানে নেই চাঞ্চল্য: লক্ষ্মীবাজার থেকে সদরঘাট পর্যন্ত সাতটি স্কুল ও তিনটি কলেজের কারণে সব সময়ই একধরনের চাঞ্চল্য থাকে। কিন্তু টানা অবরোধ-হরতালে তেমনটি চোখে পড়ে না। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ বিভাগেই ক্লাস-পরীক্ষা হয় না।
সদরঘাটের চিত্র: নিরাপত্তার কথা ভেবে অবরোধ-হরতালে লঞ্চে যাতায়াত করছেন দেশের দক্ষিণাঞ্চলের অধিকাংশ যাত্রী। তবে সম্প্রতি সদরঘাট ও বরিশালে লঞ্চে পেট্রলবোমা হামলার কারণে অনেকের মধ্যে আতঙ্ক রয়েছে বলে জানালেন কয়েকজন যাত্রী।
গতকাল বিকেলে দেখা যায়, সদরঘাট লঞ্চ টার্মিনালে যাত্রীর সংখ্যা ছিল তুলনামূলক কম। ঘাটে থাকা লঞ্চগুলোতেও যাত্রী কম। এ ছাড়া ঘাটের আশপাশের দোকানপাট কিছু খোলা, কিছু বন্ধ। হকারদের আনাগোনাও ছিল হাতে গোনা।
রাজধানী থেকে পরিবারসহ গ্রামের বাড়ি পটুয়াখালী যাচ্ছেন আবদুল কাদের। তিনি বলেন, ‘সড়কপথের চেয়ে লঞ্চপথে যাতায়াত অনেকটা নিরাপদ। তবে কিছুদিন আগে লঞ্চে আগুন দেওয়ায় আতঙ্কে রয়েছি।’
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) ঢাকা নদী বন্দরের ট্রাফিক বিভাগের ব্যবস্থাপনা পরিচালক মো. জয়নাল আবেদিন প্রথম আলোকে বলেন, গতকাল দেশের দক্ষিণাঞ্চল থেকে ছোট-বড় মিলিয়ে ৫৭টি লঞ্চ ছেড়ে এসেছে। আর সদরঘাট থেকে ৬৩টি ছেড়ে গেছে। এ ছাড়া যাত্রীদের নিরাপত্তায় পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে।
তবে একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, ঈদের উপলক্ষ ছাড়া স্বাভাবিক সময়ে গড়ে ৮০টি করে লঞ্চ আসে ও যায়। সেই তুলনায় যাত্রীসংখ্যা প্রায় অর্ধেকে নেমে এসেছে।
যানবাহন: পুরান ঢাকার প্রধান সড়ক থেকে শুরু করে অলিগলিতে নেই চিরচেনা যানজট। ইংলিশ রোড, জনসন রোড, ইসলামপুর ও বাবুবাজার মোড় গতকাল বিকেলে ছিল অনেকটাই ফাঁকা। তবে বংশাল থেকে গুলিস্তান পর্যন্ত কিছুটা গাড়ির জটলা রয়েছে।
সদরঘাট থেকে ইউনাইটেড পরিবহনের একটি বাসে মিরপুরে যাচ্ছিলেন ব্যবসায়ী মো. সোহেল। তিনি বলেন, ‘বাংলাবাজারে বই কিনতে আসছিলাম। কিন্তু হরতালে যাতায়াতে সময় কম লাগলেও মনে রয়েছে পেট্রলবোমার আতঙ্ক। তাই গাড়িতে যাতায়াতের সময় চোখ-কান খোলা রাখি।’