>

সিটি করপোরেশন নির্বাচন হয়েছে দুই বছর। অনেক স্থানে উন্নয়ন হয়েছে। আবার কোথাও কিছুই হয়নি। এলাকার সমস্যা, সম্ভাবনা, অভাব-অভিযোগ, সুবিধা-অসুবিধা নিয়ে ওয়ার্ডের চালচিত্র
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ২২ নম্বর ওয়ার্ডে স্থায়ী কোনো কাঁচাবাজার নেই। এ কারণে প্রায় প্রতিটি গুরুত্বপূর্ণ সড়কের পাশে জায়গা দখল করে কিংবা ভ্যানগাড়িতে বসানো হয়েছে মাছ ও তরিতরকারির দোকান। এতে অপ্রশস্ত সড়কগুলো আরও সংকুচিত হয়ে পড়েছে। এ কারণে সৃষ্ট যানজটে বেড়েছে পথচলতি মানুষের ভোগান্তি। এ ছাড়া এই ওয়ার্ডে নেই খেলার মাঠ। অন্যদিকে আছে পানি ও মাদকের সমস্যা।
২২ নম্বর ওয়ার্ডের আওতাভুক্ত উল্লেখযোগ্য এলাকাগুলো হলো পূর্ব ও পশ্চিম রামপুরা, মহানগর আবাসিক এলাকার একাংশ, উলন লেন, বাগিচার টেক, মৌলভীর টেক, পশ্চিম হাজীপাড়া ও বনশ্রী আবাসিক এলাকার এ থেকে ই ব্লক। প্রায় দুই বর্গকিলোমিটার আয়তনের এই ওয়ার্ডের জনসংখ্যা পাঁচ লাখের বেশি। ভোটার লক্ষাধিক।
ওয়ার্ডের বাসিন্দারা বলছেন, বনশ্রী ছাড়া গত দুই বছরে এলাকার ড্রেনেজ ব্যবস্থা ও রাস্তাঘাটের বেশির ভাগ সংস্কারের আওতায় আনা হয়েছে। কিছু সড়কে কাজ চলছে। এতে জলাবদ্ধতার সমস্যা কমে এলেও কিছু কিছু জায়গায় সুপেয় পানির সংকট থেকে গেছে। গোটা ওয়ার্ডে কোনো সরকারি প্রাথমিক বিদ্যালয় নেই। নেই কোনো কমিউনিটি সেন্টার। আছ উন্নয়নকাজের দীর্ঘসূত্রতা ও অব্যবস্থাপনার কারণে তৈরি হওয়া ধুলা-কাদার ভোগান্তি।
গতকাল রোববার দুপুর ১২টায় রামপুরা ব্রিজ পেরিয়ে ডিআইটি রোড ধরে সামনে এগোতেই দেখা গেল, গোটা সড়ক ও আশপাশ ধুলায় ঢেকে আছে। সড়কটিতে সংস্কারকাজ চলার কারণে যানবাহনের গতি ধীর। বিপরীত পাশে দেখা যায়, ব্যস্ততম সড়কটির বড় অংশজুড়ে ও রামপুরা সুপার মার্কেটের পেছনের সংযোগ সড়কে তরিতরকারি, মাছ, মাংস ও ফলমূলের দোকান বসেছে। এর পাশেই রয়েছে ময়লার কনটেইনার। সেখানে যানজটের মধ্যেই লোকজন ঝুঁকি নিয়ে বাজার করছেন।
এতখানি ঝুঁকি নিয়ে বাজার করার কারণ জানতে চাইলে উলন রোডের বাসিন্দা শাখাওয়াত হোসেন বলেন, গোটা ওয়ার্ডের কোথাও একটা স্থায়ী বাজার নেই। তাই পাড়া-মহল্লার ভেতরের রাস্তাগুলোতেও অনেক বাজার তৈরি হয়ে গেছে। কিন্তু সেখানে সব সময় ভালো জিনিস মেলে না। তাই মাঝেমধ্যে ডিআইটি রোডের এই বাজারে আসতে হয়।
এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, কয়েক বছর আগেও পশ্চিম রামপুরার ওয়াপদা সড়কে রামপুরা সুপার মার্কেটের কাছ ঘেঁষে একটা বড় কাঁচাবাজার ছিল। রামপুরা বাজার নামে পরিচিত ওই বাজারটি গড়ে উঠেছিল ব্যক্তিমালিকানাধীন জায়গায়। জায়গার মালিক সেখানে বহুতল ভবন করার জন্য বাজারটি উঠিয়ে দেওয়ার পর বাজারের দোকানগুলো ছড়িয়ে-ছিটিয়ে যায়।
সরেজমিনে পূর্ব রামপুরার টিভি লিংক রোড, তিতাস রোড, জামতলা, পূর্ব হাজীপাড়া ও মৌলভীর টেক এবং পশ্চিম রামপুরার উলন, পলাশবাড়ী রোড ও ওয়াপদা রোডসহ বিভিন্ন জায়গায় সড়কের ওপরেই দোকান চোখে পড়ল।
গতকাল ওয়ার্ডের বিভিন্ন শ্রেণি-পেশার অন্তত ৪০ জন মানুষের সঙ্গে কথা হয়। আলাপচারিতায় ওয়ার্ডের যে সমস্যাগুলো উঠে আসে তার মধ্যে প্রধান হলো মাদকের সমস্যা। তিতাস রোডের বাসিন্দা আশরাফুল আলম বলেন, এলাকায় মাদকের সমস্যা যে পর্যায়ে পৌঁছেছে, তাতে সব সময় নিজের সন্তানকে নিয়ে আতঙ্কে থাকতে হয়। চাইলেই এখানে অলিগলিতে গাঁজা, ফেনসিডিল ইয়াবা সবই মেলে।
পূর্ব কাজীপাড়া বউবাজার এলাকার খাইরুল ইসলাম বললেন পানির সমস্যার কথা। তিনি বলেন, ‘যে পানি দেয় তাতে গোসল করলে চোখ জ্বলে। এমন দুর্গন্ধ যে তরকারি ধোয়া যায় না।’
তবে গত দুই বছরে ওয়ার্ডের প্রায় সব এলাকায় সড়ক ও নালা সংস্কারের কমবেশি কাজ হলেও বনশ্রী আবাসিক এলাকায় তার কোনো ছাপ পড়েনি বলে মত দিলেন সেখানকার বাসিন্দারা। বনশ্রীর তিনটি ব্লকের কয়েকটি সড়ক ঘুরে তার সত্যতা মিলল। নাম প্রকাশ না করার শর্তে বনশ্রী কল্যাণ সমিতির একাধিক সদস্য প্রথম আলোকে বলেন, নির্বাচনের আগে ওয়ার্ডের কাউন্সিলর মো. লিয়াকত আলী বনশ্রীর পাঁচটি ব্লকের সব সড়ক ও ড্রেন সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু সংস্কার দূরে থাকুক, এখানকার সড়কবাতিগুলোও জ্বলে না। মশার উৎপাতে জীবন অতিষ্ঠ হয়ে উঠলেও মশক নিধনে এখানে সিটি করপোরেশনের কোনো কার্যক্রম নেই।
আর বনশ্রীসহ ওয়ার্ডের বাসিন্দাদের আক্ষেপ, এলাকায় একটা খেলার মাঠও নেই। মৌলভীর টেকের বাসিন্দা পিয়ারুল ইসলাম বলেন, ‘স্কুল ছাড়া বাসার বাইরে পোলাপাইনের যাওনের কোনো জায়গা নাই। এত বড় একখান এলাকা। হাজার হাজার বাচ্চা। অথচ একটা খেলার মাঠ নাই, পার্ক নাই।’