নেইমারের জন্মদিন পালন করল বাংলাদেশ-ব্রাজিল ফুটবল ফ্যানস ক্লাব

ফুটবল তারকা নেইমারের ২৮তম জন্মদিন উদ্যাপন করেছে বাংলাদেশ–ব্রাজিল ফুটবল ফ্যানস ক্লাব। একই সঙ্গে ‘বাংলাদেশের ফুটবল: সমস্যা ও প্রতিকার’ শীর্ষক মুক্ত আলোচনাও অনুষ্ঠিত হয়েছে।
গত বুধবার রাজধানীর মিরপুর–১–এ অবস্থিত ইউনিটি ল্যান্ডমার্ক মিলনায়তনে এ আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ স্পোর্টস কমেন্টেটর ফোরামের সভাপতি, ক্রীড়াভাষ্যকার আলফাজউদ্দিন আহমেদ, মূল প্রবন্ধ পাঠ করেন খোদা বকস্ মৃধা ফাউন্ডেশনের সভাপতি ক্রীড়াভাষ্যকার সামসুল ইসলাম। বাংলাদেশ–ব্রাজিল ফুটবল ফ্যানস ক্লাবের সভাপতি মাহবুবুল আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফরিদ আহমাদের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন ক্রীড়াভাষ্যকার ও বিশ্লেষক কাজল সরকার, পলাশ খান, জামিলুর রহমান, তামান্না সিদ্দিকী, ইংলিশ ক্লিনিকের চেয়ারম্যান মো. সাদাত আলম, কবিতা কিং স্পোর্টিং ক্লাবের প্রতিষ্ঠাতা কবির হোসেন।
আলফাজউদ্দিন আহমেদ বলেন, ‘আমাদের দেশে নেইমারদের মতো খেলোয়াড় জন্মায় না, পেলেদের দেশেই তাঁরা জন্মায়। বাংলাদেশের ফুটবলের উন্নয়নের জন্য শুধু ফেডারেশনের একার কাজ বা অধিকার নয়, আমাদের সবার দায়িত্ব।’
মূল প্রবন্ধে সামসুল ইসলাম বলেন, বয়স চুরি, কোচিং–রেফারিংয়ের মান, জেলা ফুটবল সংস্থাকে অর্থনৈতিক ও সাংগঠনিক দিক থেকে আরও কার্যকর, প্রতিটি বিভাগীয় শহরে একটি করে বাফুফে একাডেমি চালু করা, বিকেএসপির আঞ্চলিক কেন্দ্রগুলোতে ফুটবলকে গুরুত্ব দিয়ে পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন, পেশাদার ক্লাবগুলোতে সত্যিকারের ফুটবল পেশাদারত্ব চালু করা, বয়সভিত্তিক দল, কোচিং, মাঠ, মনোবিদ নিয়োগসহ নানা সুপারিশ তুলে ধরেন।

মাহবুবুল আলম বলেন, ‘ক্রীড়া সংগঠকদের বড়ই অভাব। আমরা দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে ক্রীড়াসংগঠক ও স্বেচ্ছাসেবক তৈরি ও ফুটবল মাঠে দর্শকখরা কাটাতে কাজ করছে ক্লাবটি।’
মিরপুর ব্রাজিল ফুটবল ফ্যানস ক্লাব, খোদা বকস্ মৃধা ফাউন্ডেশন, কবিতা কিং স্পোর্টিং ক্লাব, ইংলিশ ক্লিনিক, সোশ্যাল বার্তা অনুষ্ঠানে সহযোগিতা করেন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ–ব্রাজিল ফুটবল ফ্যানস ক্লাবের সহসভাপতি নিরব রাজীব, আহসান হাবীব, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ, সাংগঠনিক সম্পাদক নাহিদ বাদশা, অর্থ সম্পাদক নন্দিনী আক্তার, ক্লাবের সদস্য শামীম হাসান, আরিফ মোল্লা, ইয়াছিন, জাকারিয়া প্রমুখ উপস্থিত ছিলেন অনুষ্ঠানটিতে পেনাল্টি শুট এবং নেইমার ও ব্রাজিলের ওপর কুইজে ঢাকা ও ঢাকার বাইরের প্রতিনিধিরা বিজয়ী হন।