নেকজাহান মডেল স্কুলের শতবর্ষ পূর্তি উদ্যাপন

১৯১৫ সালের ৩ জানুয়ারি যাত্রা শুরু হয় ইসলামপুর নেকজাহান পাইলট মডেল হাইস্কুলের। এরপর এক এক করে কেটে গেছে ১০০ বছর। তাই এক শতাব্দী পূর্তির উৎসবে যোগ দিতে বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা মিলিত হয়েছিলেন বিদ্যালয়ের প্রিয় প্রাঙ্গণে।
গতকাল শনিবার সকাল নয়টায় ১০০টি বেলুন উড়িয়ে উৎসবের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। পরে শতবর্ষের ফলক উন্মোচন করা হয়। সকাল সাড়ে নয়টায় স্কুল মাঠ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে শহর প্রদক্ষিণ করে। এতে কয়েক হাজার প্রাক্তন ও বর্তমান শিক্ষক-শিক্ষার্থী শোভাযাত্রায় অংশ নেন। এ ছাড়া শুক্রবার দুপুরে বিদ্যালয় চত্বরে দোয়া মাহফিল, বিকেলে স্মৃতিচারণা অনুষ্ঠান, সন্ধ্যার দিকে মশাল প্রজ্বালন করে শহর প্রদক্ষিণ করা হয়। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মির্জা আজম।
শিক্ষামন্ত্রী বলেন, বর্তমান যুগের সঙ্গে সংগতি রেখে বিশ্বমানের জ্ঞান ও প্রযুক্তিসম্পন্ন শিক্ষায় শিক্ষিত করতে হবে আমাদের নতুন প্রজন্মকে। তারাই উন্নত ও আধুনিক বাংলাদেশের নির্মাতা হবে।
বিদ্যালয় সূত্রে জানা যায়, জামালপুর জেলার ইসলামপুর উপজেলায় নেকজাহান মিডিল মাদ্রাসা নামে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। ওই উপজেলার ঢেঙ্গারগড় গ্রামের আসমতুলা সর্দার বিদ্যালয়ের জন্য জমি দান করেন। পরে বিদ্যালয়টি ১৯১৯ সালে ক্যালকাটা ইউনিভার্সিটির স্বীকৃতি লাভ করে। তখন এর নামকরণ করা হয় ইসলামপুর নেকজাহান ইংরেজি উচ্চবিদ্যালয়।
ঐতিহ্যবাহী বিদ্যালয়টি ১৯৭৮ সালে পাইলট স্কুল স্কিমের অন্তর্ভুক্ত হয় এবং সর্বশেষ ২০০৯ সালে ইসলামপুর নেকজাহান মডেল হাইস্কুল নামে আত্মপ্রকাশ করে। বর্তমানে বিদ্যালয়টি ৬ একর ৭ শতাংশ জমির ওপর প্রতিষ্ঠিত। বর্তমানে জেনারেল শাখায় ১ হাজার ৪০৫ জন এবং ভোকেশনাল শাখায় ১৮০ জন শিক্ষার্থী রয়েছে।
শতবর্ষ পূর্তি উৎসব উদ্যাপন কমিটির আহ্বায়ক প্রবীণ শিক্ষক আজিজুর রহমান বলেন, ১৯১৫ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠার জন্য কলকাতা থেকে টিন ও লোহার পিলার, গজারি কাঠ ও চুন-সুরকি দিয়ে একটি মূল ভবন নির্মাণ করা হয়।
প্রথম দিকে মুসলমান ছাত্রসংখ্যা কম ছিল। পরে ছাত্রসংখ্যা বৃদ্ধি পেতে থাকে। ১৯৩৪ সালে এই স্কুলের ছাত্র ‘আবুল মহসিন খান’ কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে ম্যাট্রিকুলেশন পরীক্ষায় মেধা তালিকায় পঞ্চম স্থান পেয়েছিলেন। ১৯৫১ সাল পর্যন্ত এই স্কুলে ইংরেজিতে লেখাপড়া হতো।