নেকব্লাস্টের আক্রান্ত বোরো খেত, লিফলেট বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

নওগাঁর মান্দায় বোরো ধানখেতে ব্যাপক হারে নেকব্লাস্ট (শিষ মরা) রোগ ছড়িয়ে পড়েছে। বোরো আবাদের একেবারে শেষ মুহূর্তে ধানখেতগুলো এ রোগে আক্রান্ত হওয়ায় কৃষকেরা দিশেহারা হয়ে পড়েছেন। স্থানীয় কৃষি বিভাগ রোগ প্রতিরোধে এলাকায় কৃষকদের মাঝে লিফলেট বিতরণ ও মাঠ পর্যায়ে সভা করে কৃষকদের প্রয়োজনীয় করণীয় সম্পর্কে সচেতন করছে।
গত মঙ্গলবার উপজেলার নুরুল্যাবাদ, প্রসাদপুর, ভালাইন ইউনিয়নের বেশ কিছু এলাকা ঘুরে বোরো খেতে ব্লাস্ট রোগের প্রাদুর্ভাব দেখা গেছে। ধানের গোড়া ও পাতার অংশ সবুজ দেখা গেলেও শিষের অংশ পাকা ধানের শিষের মতো দেখাচ্ছে। শিষে ধানের দানাগুলোতে হাত দিয়ে দেখা গেছে তা চিটা হয়ে গেছে। অর্থাৎ ধানের শিষগুলো মরে গেছে। স্থানীয় কৃষকেরা বলছেন, এটা ধানের শিষমরা রোগ। বিভিন্ন কোম্পানির কীটনাশক ব্যবহার করেও কোনো কাজ হচ্ছে না বলে তাঁরা জানান।
উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা যায়, ধানের শিষ মরে যাওয়াকে ধানের নেকব্লাস্ট বা ব্লাস্ট রোগ বলা হয়। দিনে প্রচণ্ড খরা ও ভ্যাপসা গরম, রাতে ঠান্ডা ও কুয়াশার কারণে ধানগাছে এ রোগ হয়ে থাকে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চলতি বোরো মৌসুমে উপজেলায় ২১ হাজার ৮০০ হেক্টর জমিতে বোরো ধানের চাষ হয়েছে।
প্রসাদপুর ইউনিয়নের চকউমেদ গ্রামের সামাদ আলী এবার তিন বিঘা জমিতে বোরো ধানের চাষ করেছেন। তাঁর তিন বিঘা জমির ধানখেতের পুরোটাই ব্লাস্ট রোগে আক্রান্ত হয়েছে। তিনি বলেন, ‘ধারদেনা করে তিন বিঘা জমিতে আবাদ করেছিলাম। ধানের গাছও ভালো হয়েছিল। আর এক সপ্তাহ পরই ধান কাটা শুরু হবে। কিন্তু হঠাৎ খেতে ধানের শিষ মরা শুরু করায় সর্বনাশ হয়ে গেল।’
ওই গ্রামের মকবুল হোসেন নামে আরেক কৃষক জানান, চকউমেদ, পূর্ব চকউমেদ ও পদ্মবিলে ব্যাপক হারে এ রোগ ছড়িয়ে পড়েছে। এসব মাঠের অধিকাংশ কৃষক উপসহকারী কৃষি কর্মকর্তার পরামর্শে সিনজেনটা কোম্পানির অ্যামিস্টারটপ ও ফিলিয়া কীটনাশক ব্যবহার করে কোনো সুফল পাননি।
উপজেলার সদর ইউনিয়নের মেরুল্যা গ্রামের কৃষক সোলাইমান ও বিপ্লব কুমার জানান, আর এক সপ্তাহের মধ্যে তাঁদের মাঠে ধান কাটার কাজ শুরু হবে। শেষ মুহূর্তে এসে কিছু কিছু ধানখেতে শিষ মরা রোগ দেখা দিয়েছে। দূর থেকে ধানের শিষ দেখে মনে হচ্ছে ধান পেকে গেছে। কিন্তু কাছে গেলে বোঝা যাচ্ছে ধানের শিষগুলো চিটা হয়ে গেছে।
ভালাইন ইউনিয়নের জামদই গ্রামের ইসাহাক আলী, আবদুল ওয়াহেদসহ আরও অনেক কৃষক অভিযোগ করেন, এ গ্রামে দায়িত্বপ্রাপ্ত উপসহকারী কৃষি কর্মকর্তা সাইফুল ইসলাম নিয়মিত এলাকা পরিদর্শনে আসেন না। কৃষকদের এসব অভিযোগ স্বীকার করে উপসহকারী কৃষি কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, ‘অফিসের মিটিং ও বিভিন্ন এলাকায় কাজে আটকে থাকায় তিন দিন ধরে ওই এলাকায় যেতে পারিনি।’ তবে তিনি বিষয়টি জানেন এবং এ ব্যাপারে পদক্ষেপ নিচ্ছেন বলে জানান।
উপজেলা কৃষি কর্মকর্তা জাহাঙ্গীর আলম প্রামাণিক জানান, দিনে প্রচণ্ড খরা ও ভ্যাপসা গরম, রাতে ঠান্ডা ও কুয়াশার কারণে ধানখেত নেকব্লাস্ট রোগে আক্রান্ত হচ্ছে। কৃষকদের সচেতন করতে লিফলেট বিতরণ, উঠান বৈঠক, মাইকে প্রচারণা ও মসজিদে নামাজ শেষে আলোচনা করছেন উপসহকারী কৃষি কর্মকর্তারা।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক প সত্যব্রত সাহা বলেন, জেলার মান্দা ও আত্রাই উপজেলার কিছু এলাকায় ধানখেতে নেকব্লাস্ট রোগ দেখা দিয়েছে। তবে এটা এখনো প্রাদুর্ভাব হিসেবে দেখা দেয়নি।