নেচে-গেয়ে পক্ষাঘাতগ্রস্ত রোগীর চিকিৎসা!
বাড়ির আঙিনার একটি অংশে চারটি কলাগাছ পুঁতে চারপাশে কাপড় দিয়ে বেড়া দেওয়া হয়েছে। এর মধ্যে শুইয়ে রাখা হয়েছে পক্ষাঘাতগ্রস্ত এক নারীকে। এক পাশে কয়েকজন তরুণ জারিগান গাইছেন। চারপাশে গানের সঙ্গে তাল মিলিয়ে নাচছে কয়েকজন কিশোরী।বগুড়ার ধুনট উপজেলার সদরপাড়া গ্রামে প্রায় ৫০ দিন ধরে রাতের বেলা ওই নারীকে এভাবে চিকিৎসা দিচ্ছেন এক কবিরাজ।স্থানীয় সূত্রে জানা গেছে, সদরপাড়া গ্রামের হাবিবর রহমানের স্ত্রী আছফুল খাতুন (৫২) প্রায় আট থেকে নয় মাস ধরে পক্ষাঘাতগ্রস্ত হয়ে বিছানায় আছেন। নানা স্থানে চিকিৎসা করানোর পর স্বামী ও সন্তানেরা তাঁর সুস্থ হওয়ার আশা ছেড়ে দেয়। সম্প্রতি আত্মীয়তার সূত্র ধরে একই উপজেলার গজিয়াবাড়ি গ্রামের কবিরাজ মোসলিম উদ্দীন আছফুলের চিকিৎসা করতে চান। আছফুলের স্বামী ও সন্তানেরা তাঁর প্রস্তাবে রাজি হয়। ৬০ দিনে আছফুল সুস্থ হয়ে উঠবেন বলে তিনি তাঁদের আশ্বস্ত করেন। প্রতিদিন এশার নামাজের পর থেকে গভীর রাত পর্যন্ত আছফুলকে চিকিৎসা দেওয়া হচ্ছে।২২ নভেম্বর রাত নয়টায় সরেজমিনে দেখা গেছে, হাবিবর রহমানের বাড়ির আঙিনার একটি অংশে চারটি কলাগাছ পোঁতা হয়েছে। পরে ওই কলাগাছকে খুঁটি বানিয়ে চারপাশে শাড়ি দিয়ে বেড়া দেওয়া হয়েছে। এর মধ্যে মাটিতে কাঁথা বিছিয়ে আছফুলকে শুইয়ে রাখা হয়েছে। তাঁর চারপাশে মোম ও আগরবাতি জ্বলছে। বেড়ার দক্ষিণ পাশে ছয় থেকে সাতজন তরুণ জারিগান গাইছেন। গানের তালে তালে বেড়ার চারপাশে নাচছে পাঁচজন কিশোরী। নাচ ও গান শেষ হওয়ার পর মোসলিম রোগীর শরীরে ঝাড়-ফুঁক দিচ্ছেন।মোসলিম উদ্দিন দাবি করেন, তিনি প্রায় ৩০ বছর ধরে এসব চিকিৎসা করছেন। তাঁর চিকিৎসায় প্রায় ৩০০ জন পক্ষাঘাতগ্রস্ত রোগী সুস্থ হয়েছে। এ এলাকার মানুষ তাঁকে খুব একটা চেনেন না। তবে সিরাজগঞ্জ, পাবনা, নাটোরসহ দক্ষিণাঞ্চলে তাঁর ব্যাপক পরিচিতি রয়েছে।আছফুলের স্বামী হাবিবর রহমান বলেন, ‘চিকিৎসার খরচ বাবদ কবিরাজ ২০ হাজার টাকা চেয়েছেন। এর মধ্যে যাতায়াতের খরচ বাবদ কিছু পরিশোধ করেছি।’ এ ব্যাপারে আছফুল খাতুন বলেন, ‘অনেক জায়গায় চিকিৎসা নিয়েছি। কিন্তু ভালো হয়নি। এখন কবিরাজের চিকিৎসায় একটু ভালো হয়েছি।’উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা হোসনে ফিরোজা জানান, এটা অপচিকিৎসা। আধুনিক চিকিৎসাব্যবস্থায় এ চিকিৎসার বৈজ্ঞানিক ভিত্তি নেই। মানুষের বিশ্বাস ও সরলতার সুযোগ নিয়ে একশ্রেণীর কবিরাজ এভাবে প্রতারণা চালিয়ে যাচ্ছেন। তবে কেউ বিশ্বাস নিয়ে কবিরাজদের কাছে চিকিৎসা নিলে সেটি একান্তই তার নিজের ব্যাপার।