
শত বছর পূর্তি উপলক্ষে পটুয়াখালী শহরে অবস্থিত মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান লতিফ মিউনিসিপ্যাল সেমিনারির প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের দুই দিনব্যাপী মিলনমেলা শুরু হয়েছে। আগামী ১ জানুয়ারি বিদ্যালয়টির শতবর্ষ পূরণ হবে।
গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে উৎসব শুরু হয়। জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে জাতীয় পতাকা ও শতবর্ষ উপলক্ষে শত পতাকা উত্তোলনের পর ১০০ পায়রা ও বেলুন উড়িয়ে এর উদ্বোধন করেন বিদ্যালয়টির প্রাক্তন ছাত্র বিচারপতি সৌমেন্দ্র সরকার ও এ এন এম বসির উল্লাহ। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এ কে এম শামিমুল হক সিদ্দিকী, সহকারী পুলিশ সুপার ফয়েজ আহমেদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খান মোশারফ হোসেন, পৌর মেয়র শফিকুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান তারিকুজ্জামান মনি প্রমুখ।
উদ্বোধন শেষে ঘোড়ার গাড়িতে করে বাদক দলসহ প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা ফেস্টুন, প্ল্যাকার্ড ও ভুভুজেলা বাজিয়ে শোভাযাত্রা নিয়ে শহর প্রদক্ষিণ করেন। দিনব্যাপী শতবর্ষ ভবনের ভিত্তিপ্রস্তর, মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন, শতবর্ষের স্মারক পাঠ, গুণীজনদের সম্মাননা ও সন্ধ্যায় মুক্তির মহাকাশে শান্তির শত ফানুস ওড়ানো হয়। রাতে সংগীতানুষ্ঠান ও লেজার শোর আয়োজন করা হয়। অনুষ্ঠানে বারী সিদ্দিকী, এন্ড্রু কিশোর, চন্দনা মজুমদার ও ছন্দা ইসলাম সংগীত পরিবেশন করেন।
উৎসবের দ্বিতীয় দিন আজ শুক্রবার রয়েছে সকালে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন, স্মৃতিচারণা এবং প্রাক্তন ও বর্তমান ছাত্রদের খেলাধুলা। এ ছাড়া বিকেলে লাঠিখেলা, সন্ধ্যায় র্যাফল ড্র ও পুরস্কার বিতরণের পর নৃত্যানুষ্ঠানে শিবলী মজুমদার ও শামীম আরা নিপা অংশ নেবেন। পরে পুলক, সাথী, এস ডি রুবেল ও মমতাজ সংগীত পরিবেশন করবেন বলে আয়োজকেরা জানিয়েছেন।

পটুয়াখালী শহরের প্রাণকেন্দ্রে ১৯১৬ সালের ১ জানুয়ারি তৎকালীন মহকুমা ম্যাজিস্ট্রেট ও পটুয়াখালী মিউনিসিপ্যালটির প্রশাসক আবদুল লতিফের উদ্যোগে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। ছোট একটি টিনের ঘরে ১৬ জন শিক্ষার্থী নিয়ে এর পথচলা শুরু। বর্তমানে ৪ দশমিক ৮৮ একর জমির ওপর অবস্থিত বিদ্যালয়টিতে ৭৫০ শিক্ষার্থী অধ্যয়ন করছে। এই বিদ্যাপীঠের প্রথম প্রধান শিক্ষক ছিলেন আশুতোষ চক্রবর্তী।
বিদ্যালয়টির বর্তমান প্রধান শিক্ষক জাকির হোসেন বলেন, শতবর্ষ উদ্যাপন উৎসব আয়োজনের মূল উদ্দেশ্য হলো প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের ভালোবাসা ও মৈত্রীর বন্ধনে একত্র করা। এ উপলক্ষে বহু বছর পর শিক্ষার্থীরা তাঁদের শিকড়ে ফিরে এসেছেন।