নেচে গেয়ে ষড়্ঋতুকে ফুটিয়ে তুলল শিশুরা
ধানমন্ডির রুশ বিজ্ঞান ও সাংস্কৃতিক কেন্দ্রের মিলনায়তন গতকাল বিকেলে মেতে ছিল শিশুদের কলরবে। বাংলার ষড়্ঋতুকে ফুটিয়ে তুলতে মঞ্চে উঠেছিল তিন থেকে ছয় বছরের একদল শিশু। তারা সবাই ধানমন্ডির শিশুশিক্ষা-প্রতিষ্ঠান অরণী বিদ্যালয়ের শিক্ষার্থী। মেয়েরা রংচঙে শাড়ির সঙ্গে হাতে, মাথায়, গলায় গাঁদা ফুলের মালায় অপরূপ সাজে সেজেছিল। ছেলেদের পরনে ছিল পাজামা-পাঞ্জাবি। বিচিত্র বিষয় নিয়ে তারা পালাক্রমে আসে মঞ্চে। কখনো ভাষা নিয়ে, কখনো দেশাত্মবোধক, কখনো বা প্রকৃতি নিয়ে গান। ছিল ছড়া আর নাচও। আয়োজনটি ছিল মাতৃভাষা দিবসকে কেন্দ্র করে। সমবেত কণ্ঠে ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ গানটি দিয়ে অনুষ্ঠান শুরু হয়। কচিকণ্ঠে পরিবেশিত হয় ‘ভুলব না, ভুলব না, ভুলব না সেই একুশে’ ও ‘সালাম সালাম হাজার সালাম’ দুটি একক গান। এরপর মঞ্চে ষড়্ঋতুভিত্তিক পরিবেশনা নিয়ে আসে খুদে শিল্পীরা। গান, ছড়া ও নৃত্যের মধ্য দিয়ে ফুটিয়ে তোলা হয় আবহমান বাংলার ছয়টি ঋতুর চেনা ছবি। অরণী বিদ্যালয়ের অধ্যক্ষ ইসমাত সুলতানা বললেন, ‘আমরা সব সময় শিশুদের আনন্দের মাধ্যমে শিক্ষা দিয়ে থাকি। আমাদের দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে তাদের পরিচিত করানোর চেষ্টা করে থাকি।’ভক্ত অনুসারীদের মিলনমেলা কুষ্টিয়ার ছেঁউড়িয়ায়কুষ্টিয়া প্রতিনিধি জানিয়েছেন, গতকাল রোববার কুষ্টিয়ায় শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী বার্ষিক লালন স্মরণ উত্সব। সংস্কৃতি মন্ত্রণালয়ের সহযোগিতায় এবং লালন একাডেমির আয়োজনে সন্ধ্যায় কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য সুলতানা তরুণ উত্সবের উদ্বোধন করেন। মরা কালী নদীর পাশে লালনমঞ্চে সংগীত পরিবেশন করেন লালন একাডেমির শিল্পীরা। গান গেয়েছেন দেশের বিভিন্ন জায়গা থেকে আসা অন্য শিল্পীরাও। স্মরণ উত্সব ও মেলা উপলক্ষে দেশ-বিদেশের বিভিন্ন স্থান থেকে ছেঁউড়িয়ায় এসেছেন লালন-ভক্তরা। মাজার চত্বরের সামনের খোলা ময়দানে দেশীয় হস্তশিল্পসামগ্রীর মেলাও বেশ জমে উঠেছে। লালন একাডেমির সাধারণ সম্পাদক তাইজাল আল খান প্রথম আলোকে জানান, উত্সবে আসা দেশি-বিদেশি ভক্ত অনুসারীদের নিরাপত্তার জন্য উত্সবস্থল ও আশপাশের এলাকায় বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। লালন জীবিত থাকতে দোল পূর্ণিমার তিথিতে প্রতিবছর এই উত্সব পালন করতেন। লালনের মৃত্যুর পর থেকে তার সমাধি চত্বরে ব্যাপক আয়োজনের সঙ্গে পালিত হয়ে আসছে এ উত্সব।তৌহিন হাসানের ‘অন্যচাঁদ’ শীর্ষক একক চিত্র প্রদর্শনী ধানমন্ডির আলিয়ঁস ফ্রঁসেসের গ্যালারির দেয়ালে এক ক্ষয়াটে নাগরিক চাঁদের গল্প। প্রাত্যহিক নাগরিক জীবন ও বাস্তবতার যন্ত্রণার ছবি ফুটে উঠেছে ক্যানভাসে। দিনে দিনে প্রকৃতি থেকে বিচ্ছিন্ন হতে থাকা নগরে পাখির কলরব, নেই প্রাণ। তরুণ চিত্রকর তৌহিন হাসানের ‘অন্যচাঁদ’ শিরোনামের এ একক প্রদর্শনীর মৃত পাখিটি যেন তারই প্রতীক।এ প্রদর্শনীর ছবিগুলোতে নগরের অবিন্যস্ত স্থাপত্যকর্মগুলো দর্শককে নিশ্চিত ভাবিয়ে তুলবে। শিশুর ভ্রূণ নিয়ে মায়ের শঙ্কাকেও বিষয় করেছেন শিল্পী। চারপাশের অশুভের প্রতীক হিসেবে তুলে এনেছেন পেঁচাকে। প্রদর্শনীতে মোট ৩০টি চিত্রকর্ম স্থান পেয়েছে। চিত্রকর্মগুলো ক্যানভাস ও কাগজে অ্যাক্রিলিকে আঁকা। প্রদর্শনী চলবে ৪ মার্চ পর্যন্ত।