নেচে-গেয়ে শত বছর পূর্তি উৎসব উদ্যাপন
নেচে-গেয়ে এবং বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ঐতিহ্যবাহী নাট্য সংগঠন গাইবান্ধা নাট্য ও সাংস্কৃতিক সংস্থার শত বছর পূর্তি উৎসব গতকাল শুক্রবার উদ্যাপন করা হয়েছে।
শত বছর পূর্তি উপলক্ষে গতকাল সকাল সাড়ে ১০টার দিকে গাইবান্ধা শহরের সংস্থার ডিবি সড়কের কার্যালয় থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এতে রাজনীতিবিদ, শিক্ষক, ছাত্র, ব্যবসায়ীসহ বিভিন্ন পেশার দুই শতাধিক মানুষ অংশ নেন। শোভাযাত্রায় অংশ নেওয়া নাট্য ও সংস্কৃতিকর্মীরা নেচে-গেয়ে উল্লাস করেন। এর আগে সকাল ১০টায় পায়রা উড়িয়ে শোভাযাত্রার উদ্বোধন করেন সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক মো. এহছান এলাহী।
গতকাল সন্ধ্যায় সংস্থার সাকোয়াত হোসেন খান মঞ্চে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে জেলা পরিষদের প্রশাসক সৈয়দ শামস-উল-আলম, জেলা প্রশাসক, গাইবান্ধা নাট্য ও সাংস্কৃতিক সংস্থার কার্যকরী সভাপতি রেজাউল হক চৌধুরী প্রমুখ বক্তৃতা করেন। এ উপলক্ষে সংস্থার চত্বরে গতকাল রক্তদান কর্মসূচি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। গতকাল মাসব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রথম দিনে সংগীত পরিবেশন করেন শাহ মশিউর রহমান, জাহিদুল, আরিফ প্রমুখ।
গাইবান্ধা নাট্য সংস্থার সাধারণ সম্পাদক রাগীব হাসান চৌধুরী বলেন, সংস্থাটি ১৯১১ সালে স্থাপিত হয়। সে হিসেবে এবার ১০৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করার কথা। কিন্তু এর আগে নানা কারণে শতবর্ষের অনুষ্ঠান করা সম্ভব হয়নি। যেহেতু সংগঠনের বয়স ১০০ বছর পেরিয়ে গেছে, তাই এবার ১০০ বছর পূর্তি উৎসব উদ্যাপন করা হচ্ছে।