নেচে-গেয়ে উৎসবে মাতোয়ারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সহপাঠী-বন্ধুদের সঙ্গে দেখা কয়েক যুগ পর। পরস্পরের উষ্ণ আলিঙ্গনে মিলিয়ে গেল সময়ের ব্যবধানে তৈরি হওয়া দূরত্ব। স্মৃতির পাতা হাতড়ে তাঁরা খুঁজে বের করলেন স্কুলজীবনের দুষ্টুমিভরা সোনালি দিনের গল্প। নেচে-গেয়ে উৎসবে-আনন্দে দিন কেটে গেল সবার। গতকাল শনিবার যশোর শহরের ঐতিহ্যবাহী মধুসূদন তারাপ্রসন্ন বালিকা (এমএসটিপি) বিদ্যালয় ও কলেজের শতবর্ষপূর্তি উৎসব ও পুনর্মিলনীতে ছিল এমনই চিত্র।
দিনব্যাপী অনুষ্ঠানে বিদ্যালয়ের মাঠে ৫৭ ব্যাচের শিক্ষার্থী থেকে সদ্য পাস করা প্রায় ১ হাজার ১০০ সাবেক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। উৎসবমুখর পরিবেশে আলোচনা, স্মৃতিচারণা, র্যা ফেল ড্র, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজনে নবীন-প্রবীণের মিলনমেলায় পরিণত হয় ক্যাম্পাস প্রাঙ্গণ।
উদ্যাপন পর্ষদের আহ্বায়ক আনোয়ারা সৈয়দ হক তো বলেই ফেললেন, ‘আমি এ বিদ্যালয়ের ৫৭ ব্যাচের ছাত্রী। উৎসবে যোগ দেওয়া সবচেয়ে বয়োজ্যেষ্ঠ লোকটি আমি। আমি কারও নানি, কারও দাদি আবার কারও চাচি। কিন্তু আজ আমি সবারই আপা। অনুষ্ঠান থেকে বেরিয়ে আমরা যার যার পরিচয়ে ফিরে যাব।’
তাঁর বক্তব্যে উঠে আসে বিদ্যালয়ের পুরোনো দিনের ক্যাম্পাস, শিক্ষকদের ব্যবহার, বিদ্যালয়ের মাঠ ও ঘর। তিনি বলেন, ‘স্কুলের মাঠটি ছিল রূপকথার গল্পের মতো। মাঠের সঙ্গে পুকুর, ছাতিয়ানগাছ, পুরোনো দালান। স্কুলঘরটি আমাদের মনের ভেতর একটি জগৎ খুলে দিয়েছিল। সেটি ভেঙে ফেলা হয়েছে। ক্যাম্পাসে এসে সেই স্কুলঘরটি না দেখে ভীষণ কষ্ট পেয়েছি।’
জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক বলেন, শিক্ষার্থীদের সঠিক ইতিহাস জানতে হবে, বিশেষ করে মুক্তিযুদ্ধের ইতিহাস। মাইকেল মধুসূদন, ধীরাজ ভট্টাচার্যসহ জেলার গুণী ব্যক্তিদের সম্পর্কেও জানতে হবে। জেলার ঐতিহ্য ফিরিয়ে আনার জন্য উপযুক্ত পরিবেশ সৃষ্টি করতে হবে। এ ছাড়া তিনি শিক্ষার্থীদের মূল্যবোধসম্পন্ন শিক্ষার মাধ্যমে সুকুমার প্রবৃত্তি জাগিয়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। এ ক্ষেত্রে শিক্ষক ও অভিভাবকদের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে বলে মন্তব্য করেন তিনি।
যশোর-৩ (সদর) আসনের সাংসদ কাজী নাবিল আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক। আরও বক্তব্য দেন জেলা প্রশাসক হুমায়ুন কবীর, পুলিশ সুপার আনিসুর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম, যশোর প্রেসক্লাবের সভাপতি জাহিদ হাসান, বিদ্যালয়ের সাবেক ছাত্রী যশোর সরকারি মাইকেল মধুসূদন কলেজের সাবেক অধ্যক্ষ নমিতা বিশ্বাস, প্রতিষ্ঠানের বর্তমান ভারপ্রাপ্ত অধ্যক্ষ খায়রুল আনাম, জেলা মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি রুনা লায়লা প্রমুখ। অনুষ্ঠান উপস্থাপনা করেন সাবেক শিক্ষার্থী মিনারা খন্দকার ও রওশন আরা।
সকালে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে জাতীয় পতাকা উত্তোলন করে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। এরপর ‘লাল, নীল, সবুজের মেলা বসেছে...’ গান পরিবেশিত হয়। এ সময় সবার হাতে থাকা রং বেরঙের বেলুন উড়িয়ে দেওয়া হয়। একই সঙ্গে প্রধান অতিথি শান্তির পায়রা উড়িয়ে দেন।
দুপুর দুইটার দিকে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহর ঘুরে আবার বিদ্যালয় প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। এরপর দুপুরের খাওয়া শেষে শুরু হয় স্মৃতিচারণা পর্ব। এ পর্বে প্রত্যেক ব্যাচের প্রাক্তন ছাত্রীরা দিনটিকে স্মৃতিময় করে রাখার জন্য মঞ্চে গিয়ে আলাদাভাবে ছবি তোলেন। সন্ধ্যায় শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে শিল্পীরা নেচেগেয়ে সবার মন কাড়েন।