নেছারাবাদে নবজাতককে হত্যার কথা স্বীকার করলেন বাবা

পিরোজপুরের নেছারাবাদে ২৫ দিন বয়সী এক নবজাতককে হত্যার অভিযোগে তার বাবাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার ওই ব্যক্তিকে বরিশালের গৌরনদী উপজেলার বার্থী গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তির নাম জাকির হোসেন (৩৫)। পুলিশ বলছে, তিনি হত্যার বিষয়ে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। জাকিরের বাড়ি বরগুনার আমতলী উপজেলার তারিকাটা গ্রামে।
এর আগে আজ সকালে নবজাতকের মা হনুফা বেগম বাদী হয়ে তাঁর স্বামীর বিরুদ্ধে নেছারাবাদ থানায় হত্যা মামলা করেন।
পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, জাকির দুই বছর আগে নেছারাবাদ উপজেলার গোবিন্দগুহকাঠি গ্রামের একটি মসজিদে ইমামতি করতে আসেন। তখন ওই গ্রামের মজনু আকনের মেয়ে হনুফা বেগমের সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক হয়। একপর্যায়ে দেড় বছর আগে তাঁরা বিয়ে করেন। বিয়ের পর জাকির হনুফাকে ঢাকায় নিয়ে যান। এরপর হনুফা বেগম অন্তঃসত্ত্বা হয়ে পড়লে তাঁকে বাবার বাড়ি পাঠিয়ে দেওয়া হয়।
মামলার এজাহারে বলা হয়, গত ১১ জুলাই হনুফা একটি কন্যা সন্তানের জন্ম দেন। খবর পেয়ে ৫ আগস্ট জাকির শ্বশুর বাড়ি আসেন। ওই দিন রাতে তিনি খাবারের সঙ্গে চেতনানাশক পদার্থ মিশিয়ে হনুফা বেগমকে খাওয়ান। এরপর নবজাতককে শ্বাসরোধে হত্যা করে বাড়ির একটি পুকুরে ফেলে পালিয়ে যান। পরে ৭ আগস্ট ওই পুকুরে লাশ ভেসে ওঠে। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পিরোজপুর সদর হাসপাতাল মর্গে পাঠায়। ওই ঘটনায় স্থানীয় থানায় একটি সাধারণ ডায়েরিও (জিডি) হয়েছিল।
নেছারাবাদ থানা-পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ সকালে গৌরনদী পুলিশের সহায়তায় মসজিদ থেকে জাকিরকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় হনুফা বেগম বাদী হয়ে জাকিরের বিরুদ্ধে হত্যা মামলা করেন। পরে বিকেলে গ্রেপ্তার জাকিরকে কারাগারে পাঠান পিরোজপুরের আদালত।
মামলার তদন্ত কর্মকর্তা নেছারাবাদ থানার উপপরিদর্শক (এসআই) মাহফুজুর হাসান বলেন, ‘গ্রেপ্তারের পর জাকির জানান, হনুফার সঙ্গে বিয়ের বিষয়টি তাঁর পরিবার মেনে নেননি। পরিবার দ্বিতীয় তাঁকে বিয়ে করান। জাকিরের দাবি, পারিবারিক ঝামেলায় তিনি মানসিকভাবে বিধ্বস্ত ছিলেন।’
নেছারাবাদ সার্কেলের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার কাজী শাহনেওয়াজ প্রথম আলোকে বলেন, ‘পিরোজপুর জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতের বিচারক প্রবীর কুমার দাশের নিকট জাকির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। পরে আদালত তাঁকে কারাগারে পাঠান।’