নেছারাবাদে সন্ত্রাস-চাঁদাবাজির প্রতিবাদে সমাবেশ
পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় সন্ত্রাস-চাঁদাবাজির প্রতিবাদে মিছিল ও সমাবেশ করেছেন আওয়ামী লীগের স্থানীয় নেতা-কর্মীরা। গতকাল মঙ্গলবার দুপুরে ইন্দেরহাটের স্বরূপকাঠি সরকারি কলেজ প্রাঙ্গণে এ সমাবেশ হয়। এর আগে সন্ত্রাসবিরোধী একটি মিছিল বের করা হয়।
নেছারাবাদ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম ফুয়াদের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক ও সাবেক সাংসদ শাহ আলম। বক্তব্য দেন, উপজেলা কৃষক লীগের সভাপতি এস এম শাহজাহান, সুটিয়াকাঠী ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান মো. আবদুল হক, দৈহরি ইউপির সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান প্রমুখ।
জেলা পরিষদের প্রশাসক শাহ আলম বলেন, ‘আওয়ামী লীগ কোনো আলাদা গোষ্ঠী বা মুষ্টিমেয় কোনো লোকের নয়। এ দলের নাম ব্যবহার করে যারা মাদক ব্যবসা ও নেশায় বুঁদ হয়ে সন্ত্রাস-চাঁদাবাজিতে মগ্ন হয়ে আছে, তাদের স্থান আওয়ামী লীগে হতে পারে না। তোমরা এসব কর্মকাণ্ড ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসো। এ এলাকার মানুষ খুব ধৈর্যশীল। তারা কয়েক বছর ধরে তোমাদের সন্ত্রাসী কর্মকাণ্ড সহ্য করে আসছে। যারা মাস্তানি করে জীবিকা নির্বাহ করতে চাও, তারা এই পথ থেকে বিরত হয়ে যাও। অন্যথায় ভবিষ্যতে এই জনগণ তোমাদের প্রতিরোধ করবে।’
সমাবেশে নেছারাবাদ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম ফুয়াদ বলেন, ‘আমরা জনগণকে সঙ্গে নিয়ে সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই করে যাব।’
প্রসঙ্গত পিরোজপুর-১ (পিরোজপুর সদর-নাজিরপুর-নেছারাবাদ) আসনের সাংসদ এ কে এম এ আউয়ালের সঙ্গে শাহ আলমের দীর্ঘদিন ধরে বিরোধ রয়েছে। গত শনিবার সন্ধ্যা থেকে গত সোমবার দুপুর পর্যন্ত দুই পক্ষের মধ্যে কয়েক দফা সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে দুই পক্ষের অন্তত ১৪ জন আহত হয়।