নেটওয়ার্কে বিনিয়োগ বাড়াবে গ্রামীণফোন

আগামী তিন থেকে পাঁচ বছরের মধ্যে পাঁচ কোটি ইন্টারনেট গ্রাহককে নিজেদের নেটওয়ার্কে আনতে চায় গ্রামীণফোন। এ জন্য নেটওয়ার্ক উন্নয়নে বিনিয়োগ আরও বাড়াবে প্রতিষ্ঠানটি।
পাঁচ কোটি গ্রাহকের মাইলফলক অতিক্রম উপলক্ষে আজ মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেছেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা বিবেক সুদ।
সেপ্টেম্বরের মাঝামাঝি দেশের প্রথম মোবাইল কোম্পানি হিসেবে পাঁচ কোটি গ্রাহকের মাইলফলক অতিক্রম করে গ্রামীণফোন।
বিবেক সুদ বলেন, ১৯৯৭ সালের ২৬ মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবসে যাত্রা শুরু করে বর্তমানে দেশের সবচেয়ে বড় ও বিস্তৃত নেটওয়ার্ক এখন গ্রামীণফোনের। ‘সবার জন্য ইন্টারনেট’—লক্ষ্যের আওতায় গ্রামীণফোন প্রথম কোম্পানি হিসেবে দেশের ৬৪টি জেলায় থ্রিজি সেবা পৌঁছে দিয়েছে। দেশজুড়ে বর্তমানে গ্রামীণফোনের আট হাজার ৬০০টি বেস স্টেশনের মাধ্যমে ৯৯ শতাংশ এলাকায় মোবাইল নেটওয়ার্ক পৌঁছে যাচ্ছে।
সুদ বলেন, সর্বপ্রথম অপারেটর হিসেবে গ্রামীণফোন ১৯৯৯ সালে প্রি-পেইড সেবা ও আন্তর্জাতিক রোমিং সেবা, ২০০০ সালে ওয়্যাপ সেবা, ২০০৫ সালে এজ সেবাসহ অনেক সুবিধাই গ্রাহকদের জন্য নিয়ে এসেছে। বাংলাদেশের বড় মোবাইল অপারটের ও ইন্টারনেটের অগ্রদূত হিসেবে প্রতিষ্ঠানটি সবচেয়ে সাশ্রয়ী মূল্যে ইন্টারনেট সেবা প্রদান করার এবং গ্রাহকদের জীবনযাত্রার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার লক্ষ্য গ্রহণ করেছে।
পাঁচ কোটি গ্রাহকের মাইলফলক উদযাপন শুধু গ্রামীণফোনের জন্যই নয়, গ্রাহকদের জন্যেও। সবাইকে নিয়ে ‘একসাথে উদযাপনের’ উদ্দেশে গ্রাহকদের জন্য আকর্ষণীয় সব অফারের তালিকা তুলে ধরেন প্রতিষ্ঠানটির চিফ মার্কেটিং অফিসার (সিএমও) অ্যালান বঙ্কে।
এর আওতায় গ্রামীণফোনের থ্রিজি গ্রাহকেরা তাঁদের মোবাইল ডিভাইসে বিদ্যমান ইন্টারনেট প্যাকেজে কোনো অতিরিক্ত খরচ ছাড়াই দ্বিগুণ ইন্টারনেট গতি উপভোগ করতে পারবেন। এ ছাড়া জিপি নেটওয়ার্কে গ্রাহকেরা প্রতি ১০ সেকেন্ড পালসে পাঁচ পয়সার বিশেষ রেট উপভোগ করতে পারবেন, সীমিত সময়ের জন্য।
সংবাদ সম্মেলনে গ্রামীণফোনের প্রথম গ্রাহক লাইলী বেগমকে সম্মানিত করা হয়। পাশাপাশি পাঁচ কোটিতম গ্রাহক আরিফ হোসেনকেও ক্রেস্ট তুলে দেওয়া হয়।