নেটওয়ার্ক ট্রান্সমিশন সেবা দিতে পারবে না বাংলাফোন
বাংলাফোনের অপটিক্যাল ফাইবার নেটওয়ার্ক ট্রান্সমিশন ‘অনুমতি’ (পারমিট) নবায়ন করেনি বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। ফলে প্রতিষ্ঠানটি আর এ সেবা দিতে পারবে না।
সম্প্রতি বিটিআরসির লিগ্যাল অ্যান্ড লাইসেন্স বিভাগের উপপরিচালক সাজেদা পারভীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বাংলাফোন থেকে অপটিক্যাল ফাইবার নেটওয়ার্ক ট্রান্সমিশন সেবা গ্রহণকারী সব প্রতিষ্ঠানকে কমিশনের লাইসেন্সধারী নেশনওয়াইড টেলিকমিউনিকেশন ট্রান্সমিশন নেটওয়ার্ক (এনটিটিএন) প্রতিষ্ঠান থেকে সেবা নিতে বলেছে বিটিআরসি।
বাংলাফোনের অনুকূলে ২০০৯ সালে ইস্যু করা অপটিক্যাল ফাইবার নেটওয়ার্ক ট্রান্সমিশন ‘অনুমতি’ ছয় দফায় নবায়ন করে বিটিআরসি। গত ২২ এপ্রিল পর্যন্ত বাংলাফোনের এই সেবা দেওয়ার সুযোগ ছিল।
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী পারমিটটি নবায়ন না করার সিদ্ধান্ত ইতিমধ্যে বাংলাফোনকে জানিয়ে দেওয়া হয়েছে বলে বিটিআরসির বিজ্ঞপ্তিতে বলা হয়।
এদিকে বাংলাফোনকে পাঠানো চিঠিতে পারমিট নবায়ন না করার যুক্তি হিসেবে বিটিআরসি বলেছে, ‘আইন অনুযায়ী এনটিটিএন যেখানে রয়েছে সেখানে কোনো লাইসেন্সপ্রাপ্ত টেলিকম অপারেটর অপটিক্যাল ফাইবার নেটওয়ার্ক স্থাপন ভাড়া বা বিক্রি করতে পারবে না।’
এতে আরও বলা হয়, বর্তমান অবস্থার প্রেক্ষিতে সরকার অনুমোদিত এনটিটিএন গাইডলাইন ও ইনফ্রাস্ট্রাকচার গাইডলাইনের সঙ্গে বাংলাফোনের পারমিটের শর্ত সাংঘর্ষিক।
এই পারমিটের আওতায় সকল প্রকার বাণিজ্যিক ও অপারেশনাল কার্যক্রম বন্ধ করার জন্য ওই চিঠিতে বাংলাফোনকে নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি এই পারমিটের আওতায় অর্জিত রাজস্বের সাড়ে পাঁচ শতাংশ অর্থ বিস্তারিত তথ্যসহ কমিশনে জমা দেওয়ার জন্যও নির্দেশ দিয়েছে বিটিআরসি।
টেলিযোগাযোগের অবকাঠামোগত কাজে শৃঙ্খলা আনতে সরকার ২০০৯ সালে দুটি প্রতিষ্ঠানকে এনটিটিএন লাইসেন্স দেয়। নীতিমালা অনুসারে এই লাইসেন্স ছাড়া কোনো প্রতিষ্ঠান ট্রান্সমিশন নেটওয়ার্ক তৈরি, রক্ষণাবেক্ষণ, উন্নয়ন বা পরিচালনা করতে পারবে না। লাইসেন্স পেতে প্রতি প্রতিষ্ঠানকে এককালীন তিন কোটি টাকা এবং প্রতিবছর নবায়নের জন্য ২৫ লাখ টাকা দিতে হয়েছে। এসব শর্তে লাইসেন্স নেয় ফাইবার এড হোম ও সামিট কমিউনিকেশন লিমিটেড নামের দুটি প্রতিষ্ঠান।
অথচ লাইসেন্স ছাড়াই কেবল বিটিআরসির ‘অনুমতি’ নিয়ে লাইসেন্স নেওয়া প্রতিষ্ঠানগুলোর মতোই কার্যক্রম চালিয়ে যায় বাংলাফোন। টেলিযোগাযোগ আইনের ৪০ ধারা অনুসারে কোনো প্রতিষ্ঠান টেলিযোগাযোগ কার্যক্রম শুরু বা সেবা প্রদানের ক্ষেত্রে বিটিআরসি ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের অনুমতি নেবে। কিন্তু বিটিআরসি বাংলাফোনের ক্ষেত্রে মন্ত্রণালয়ের অনুমতি নেয়নি।
লাইসেন্স পাওয়া দুই প্রতিষ্ঠান বাংলাফোনের এ ধরনের কার্যক্রম বন্ধ করাসহ প্রতিকার চেয়ে মন্ত্রণালয়কে চিঠি দেয়। মন্ত্রণালয় চিঠিতে বিটিআরসির এ কাজ বিধিসম্মত হয়নি উল্লেখ করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ দেয়। তখন বিটিআরসি নিজেদের ভুলের কথা স্বীকার করলেও প্রতিষ্ঠানটিকে সুবিধা দেওয়ার চেষ্টা চালিয়ে যায়।