নেটওয়ার্ক-বিভ্রাটে এটিএম সেবা বন্ধ ডাচ্-বাংলা ব্যাংকের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেটওয়ার্ক বিচ্ছিন্ন থাকায় ডাচ্‌-বাংলা ব্যাংকের গ্রাহকেরা আজ শনিবার সকাল থেকে এটিএম ও ফাস্ট ট্রাক সেবা পাচ্ছেন না। এতে টাকা তুলতে না পেরে দুর্ভোগ পোহাচ্ছেন গ্রাহকেরা। গ্রাহকদের ভাষ্য, ডাচ্‌-বাংলার ব্যাংকের কার্ড ব্যবহার করে আজ অন্য ব্যাংক থেকেও তাঁরা টাকা তুলতে পারছেন না। 

এ বিষয়ে জানতে চাইলে ডাচ্‌-বাংলা ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক আবুল কাশেম মো. শিরিন প্রথম আলোকে বলেন, ‘নেটওয়ার্ক রক্ষণাবেক্ষণের জন্য সকাল থেকে এটিএম ও মোবাইল ব্যাংকিং সেবা বন্ধ। আমরা গ্রাহকদের এসএমএসের মাধ্যমে বিষয়টি জানিয়েছি। আজ দুপুরের মধ্যে স্বাভাবিক সেবা প্রদান শুরু হবে।’
আজ শনিবার ব্যাংকের বেশির ভাগ শাখা বন্ধ থাকায় বড় সমস্যা দেখা যায়নি বলে জানিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ।
রাজধানীর নাবিস্কোর ফাস্ট ট্রাকের সামনে কথা হয় গ্রাহক ওবায়দুল হকের সঙ্গে। তিনি বলেন, সেবা বন্ধ থাকবে—মোবাইল ফোনে এমন কোনো বার্তা পাননি তিনি। সকাল থেকে একাধিকবার চেষ্টা করেও অর্থ উত্তোলন করতে পারেননি।
বর্তমানে সবচেয়ে বেশি এটিএম বুথ রয়েছে ডাচ্‌-বাংলা ব্যাংকের। ব্যাংকটির বর্তমানে ৪ হাজার ১২৬টি এটিএম বুথ ও ফাস্ট ট্রাক বুথ রয়েছে। এ ছাড়া মোবাইল ব্যাংকিংয়েও বিকাশের পরই রয়েছে ডাচ্‌-বাংলার গ্রাহক।