নেট্জ বাংলাদেশের ২০ হাজার পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ

করোনার প্রকোপ রুখতে দেড় মাস ধরে চলমান সাধারণ ছুটিতে বিপর্যস্ত দেশের অতিদরিদ্র পরিবারের নিকট খাদ্য ও স্বাস্থ্য সুরক্ষাসামগ্রী পৌঁছে দিচ্ছে জার্মানভিত্তিক উন্নয়ন সংস্থা নেট্জ বাংলাদেশ। স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের সহায়তায় সামাজিক দূরত্ব বজায় রেখে দেশের উত্তর-পশ্চিম অঞ্চলের ৯ জেলায় নেট্জের পার্টনার এনজিওরা প্রকল্পের অংশগ্রহণকারীদের নিকট সরাসরি এই সাহায্যসামগ্রী পৌঁছে দেওয়ার কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
২০ হাজার অতিদরিদ্র পরিবারকে খাদ্যসামগ্রী ও স্বাস্থ্য সুরক্ষাসামগ্রী পৌঁছে দেওয়ার লক্ষ্যে গত ৩০ এপ্রিল খাদ্যসামগ্রী বিতরণের কাজ শুরু করা হয়েছে। চলবে ৩০ মে পর্যন্ত।
খাদ্যসামগ্রীর প্রতি ব্যাগে ২০ কেজি চাল, ৫ কেজি আলু, ২ কেজি ডাল, ২ কেজি লবণ, ১ কেজি চিনি, ১ কেজি সুজি, ১ লিটার ভোজ্যতেল, ৩টি সাবান, ২টি মাস্ক এবং কিছু প্যারাসিটামল ট্যাবলেট সরবরাহ করা হয়েছে। এই খাদ্যসামগ্রী দিয়ে পরিবারগুলোর ১৫ থেকে ২০ দিনের খাবারের ব্যবস্থা হবে বলে আশা করা যাচ্ছে। তবে স্থানভেদে ও দারিদ্র্যের নিরিখে এ সহযোগিতার পরিমাণ কোথাও কোথাও বেশি করা হচ্ছে।
নারীপ্রধান পরিবার, বয়স্ক ও প্রতিবন্ধী ব্যক্তি যাঁরা দুর্গম এলাকায় বাস করেন, তাঁদের অগ্রাধিকার ভিত্তিতে প্রকল্পের অংশগ্রহণকারী হিসেবে এ সাহায্য প্রদান করা হচ্ছে।
নেট্জের প্রকল্পের মাধ্যমে পরিবারগুলোকে ইতিপূর্বে আয় বৃদ্ধির জন্য উৎপাদনশীল সম্পদ হস্তান্তর করা হয় এবং সম্পদ হস্তান্তরের পূর্বে প্রতিটি পরিবারের দৈনিক মাথাপিছু আয়, পরিবারে উপার্জনক্ষম সদস্যের সংখ্যা, এনজিও ঋণ আছে কি না, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে সেবা পাওয়ার সক্ষমতাসহ সামাজিক নিরাপত্তাবেষ্টনী থেকে সুবিধা পাচ্ছে কি না, ইত্যাদি বিষয় বিবেচনা করে তাদের প্রাথমিকভাবে বাছাই করা হয়।
নেট্জের পার্টনার সংস্থাগুলোর মধ্যে গণ উন্নয়ন কেন্দ্র (জিইউকে) গাইবান্ধা, পঞ্চগড়, নীলফামারী ও কুষ্টিয়া জেলায়, ডাসকো ফাউন্ডেশন চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁ জেলায়, জাগরণী চক্র ফাউন্ডেশন রংপুরে, পল্লীশ্রী দিনাজপুর ও নীলফামারী জেলায়, এমজেএসকেএস কুড়িগ্রামে এবং আশ্রয় নওগাঁ জেলায় এ খাদ্যসামগ্রী হস্তান্তর করছে। এ ছাড়া ভারতে নেট্জের দুই পার্টনার এনজিও টিএসআরডি ও ডিআরসিএসসি পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ ও বীরভূম জেলায় অতিদরিদ্রদের মধ্যেও খাদ্যসহায়তা পৌঁছে দিচ্ছে।
নেট্জের কান্ট্রি ডিরেক্টর হাবিবুর রহমান চৌধুরী বলেন, ‘সাধারণ ছুটি ঘোষণার পর অনেক পরিবার যারা মূলত কৃষিভিত্তিক শ্রমের ওপর নির্ভরশীল, তাদের মধ্যে আয় বৃদ্ধিমূলক সম্পদ বিক্রির প্রবণতা লক্ষ করা যাচ্ছে এবং তাদের কেউ কেউ অগ্রিম শ্রম বিক্রির ফাঁদেও পড়েছে। এ জন্য আমরা জরুরি ভিত্তিতে এ খাদ্যসামগ্রী ও স্বাস্থ্য সুরক্ষাসামগ্রী বিতরণের উদ্যোগ নিয়েছি।’ তবে করোনার প্রকোপ দীর্ঘস্থায়ী হলে আগামীতে আরও বেশি এ ধরনের উদ্যোগের প্রয়োজন হবে বলে তিনি মনে করেন। বিজ্ঞপ্তি