নেতা আহতের ঘটনায় শিবিরের দুই বক্তব্য

বগুড়ায় বিস্ফোরণে সরকারি আজিজুল হক কলেজ শাখা ছাত্রশিবিরের সভাপতি জুয়েল সরকার (২৫) গুরুতর আহত হওয়ার ঘটনা নিয়ে শিবিরের পক্ষ থেকে দুই রকমের বিবৃতি পাওয়া গেছে।
ঘটনা সম্পর্কে পাঠানো বিবৃতিতে শিবিরের পক্ষ থেকে বলা হয়, বাসার সামনে ককটেলসদৃশ একটি বস্তু হাতে নিয়ে দেখার সময় সেটি বিস্ফোরিত হয়ে শিবিরের নেতা জুয়েল আহত হন। পরে শিবিরের পাঠানো আরেকটি বিবৃতিতে জানানো হয়, দুই মোটরসাইকেল আরোহী শিবিরের নেতা জুয়েলকে লক্ষ্য করে বোমা ছোড়ে। এতে তিনি আহত হন। পুলিশ বলছে, বোমা তৈরির সময় বিস্ফোরণে শিবিরের ওই নেতা আহত হন। বিভিন্ন ইলেকট্রনিক গণমাধ্যম ও অনলাইনে এ খবর প্রচারিত ও প্রকাশিত হয়। এর প্রতিবাদ জানিয়ে বিবৃতি দেয় শিবির। কিন্তু সেখানে ঘটনা সম্পর্কে পাওয়া যায় দুই রকমের বক্তব্য।
আজ শুক্রবার দুপুর ১২টার দিকে শহরের মফিজ পাগলার মোড়ের জামায়াতে ইসলামী পরিচালিত ‘ইসলামি হাসপাতাল’ থেকে আহত শিবিরের নেতা জুয়েল সরকারকে আটক করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে পুলিশ।
পুলিশকে না জানিয়ে ‘গোপনে চিকিত্সা’ করার অভিযোগে জামায়াতে ইসলামী পরিচালিত ওই হাসপাতালের পরিচালক, দুজন চিকিত্সকসহ ছয়জনকে আটক করে গোয়েন্দা কার্যালয়ে নেওয়া হয়েছে।
পুলিশের ভাষ্য
বগুড়া গোয়েন্দা পুলিশের পরিদর্শক (ডিবি) মিজানুর রহমান জানান, আজ সকাল নয়টার দিকে শহরের জামিল নগর এলাকার একটি বাসায় বোমা তৈরি করার সময় তা বিস্ফোরিত হলে শিবিরের নেতা জুয়েল গুরুতর আহত হন। খবর পেয়ে আজ সকাল থেকে বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়। একপর্যায়ে নিশ্চিত হওয়া যায়, শহরের মফিজ পাগলার মোড়ে ইসলামি হাসপাতালে আহত ওই শিবিরের নেতার গোপনে চিকিত্সা চলছে।
বগুড়ার সহকারী পুলিশ সুপার নাজির হোসেন ‘প্রথম আলো’কে জানান, বেলা ১১টার দিকে প্রথমে হাসপাতালটিকে ঘিরে ফেলা হয়। জানতে চাওয়া হলে হাসপাতালের কর্মকর্তা-কর্মচারী সবাই বিষয়টি এড়িয়ে যান। অস্ত্রোপচার কক্ষে গিয়ে দেখা যায়, সেখানে তালা ঝুলছে। তালা ভেঙে ওই কক্ষ থেকে আহত শিবিরের নেতাকে আটক করা হয়।
অস্ত্রোপচার কক্ষে গোপনে চিকিত্সা দেওয়ার সঙ্গে জড়িত হাসপাতালের পরিচালক সেলিম রেজা, চিকিত্সক আশরাফ আলী ও মিজানুর রহমান এবং সেবিকা ও কর্মচারী তাহেরা বেগম, রমিছা খাতুন ও মোখলেছার রহমানকে আটক করা হয়।
বগুড়ার পুলিশ সুপার (এসপি) মো. মোজাম্মেল হক দাবি করেন, বোমা তৈরির সময় তা বিস্ফোরিত হয়েই শিবিরের ওই নেতা আহত হয়েছেন।