নেতা এলডিপির, প্রতীক বিএনপির
কুমিল্লার চান্দিনা উপজেলার ১৩টি ইউনিয়ন পরিষদের (ইউপি) মধ্যে চারটিতে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চার নেতা চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁরা প্রত্যেকেই মনোনয়নপত্র জমা দেন বিএনপির প্রার্থী হিসেবে। এভাবে তাঁরা ধানের শীষ প্রতীকে নির্বাচন করছেন।
এই চার প্রার্থী হলেন বাতাঘাসী ইউপিতে উপজেলা এলডিপির সাংগঠনিক সম্পাদক মো. শাহজাহান সিরাজ, মাইজখার ইউপিতে উপজেলা গণতান্ত্রিক কৃষক দলের সভাপতি ও ইউনিয়ন এলডিপির সভাপতি মো. রফিকুল ইসলাম ভূঞা, সুহিলপুর ইউপিতে ইউনিয়ন এলডিপির সাধারণ সম্পাদক মো. আলী চৌধুরী এবং মহিচাইল ইউপিতে এলডিপির ইউনিয়ন কমিটির সহসভাপতি মো. কামরুল হাসান ভূঁইয়া। এই চার প্রার্থীই মনে করছেন, জোটের প্রার্থী হওয়ায় বেশির ভাগ ভোটার ধানের শীষে ভোট দেবেন।
চান্দিনা উপজেলা এলডিপির সাধারণ সম্পাদক মো. আতিকুর রহমান বলেন, মানুষটি (চেয়ারম্যান প্রার্থী) এলডিপির, মার্কা হলো ধানের শীষ। যেহেতু এলডিপি ২০-দলীয় জোটের সঙ্গে রয়েছে, সে কারণে জোটের প্রার্থী করা হয়েছে চারজনকে। এলডিপির আরেকজন মনোনয়ন পেয়েও ভয়ে অংশ নেননি। ধানের শীষ চিরচেনা মার্কা। তাই ছাতার বদলে ধানের শীষ নেওয়া হয়েছে। বিগত জাতীয় সংসদ নির্বাচনে জাসদের অনেকেই নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করেছেন। এটা দোষের কিছু নয়।
বিএনপির অন্তত তিনজন মধ্যম সারির নেতা প্রথম আলোকে বলেন, এলডিপির কেন্দ্রীয় কমিটির মহাসচিব রেদোয়ান আহমেদের গ্রামের বাড়ি চান্দিনা উপজেলায়। রেদোয়ান আহমেদ জোটের কাছে প্রথমে সাতটি ইউপিতে তাঁর দলের প্রার্থীদের মনোনয়ন দেওয়ার দাবিতে অনড় ছিলেন। পরে পাঁচটি ইউপি এলডিপিকে ছেড়ে দেওয়া হয়। এর মধ্যে একটি ইউপিতে এলডিপির প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়ান। সেখানে বিএনপিরও কোনো প্রার্থী ছিলেন না। এ নিয়ে এলডিপি ও বিএনপির নেতা-কর্মীদের মধ্যে ঠান্ডা লড়াই চলছে।
জানতে চাইলে রেদোয়ান আহমেদ বলেন, ২০-দলীয় জোটের সবাই ধানের শীষে ভোট দেবেন। এখানে সবাই এককাট্টা।
কুমিল্লা উত্তর জেলা বিএনপির সভাপতি মো. খোরশেদ আলম বলেন, এলডিপির নেতারা ধানের শীষ প্রতীক নিয়ে চেয়ারম্যান প্রার্থী হয়েছেন, এটা কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্তেই হয়েছে।
৭ মে কুমিল্লার চান্দিনা উপজেলার ১৩টি ইউপিতে ভোট হবে। এতে চেয়ারম্যান পদে ৫২, সাধারণ সদস্য পদে ৪৮৯ ও সংরক্ষিত সদস্য পদে ৯৩ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।