নেতা ও চিকিৎসকের আত্মীয়রা পেলেন নিয়োগ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামের সিভিল সার্জন কার্যালয়ে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর ৪৫টি পদে কর্মচারী নিয়োগে অনিয়ম ও দুর্নীতি করার অভিযোগ পাওয়া গেছে। নিয়োগ পাওয়া কর্মচারীদের মধ্যে আওয়ামী লীগের নেতার ও চিকিৎসকের স্ত্রী, সিভিল সার্জনের গ্রামের বাড়ির লোকজনও রয়েছেন। প্রার্থীরা সিভিল সার্জনসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের টাকা দিয়ে নিয়োগ পেয়েছেন বলে বঞ্চিতপ্রার্থীরা অভিযোগ করেছেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কুড়িগ্রাম সিভিল সার্জনের কার্যালয়ে তৃতীয় শ্রেণীর হোম ভিজিটর, অফিস সহকারী, জুনিয়র মেকানিক ও ড্রাইভার পদে মোট ১০ জন এবং চতুর্থ শ্রেণীর এমএলএসএস, ওয়ার্ডবয়, আয়া, কুক/মশালচি, মালি, নিরাপত্তা প্রহরী ও সুইপার পদে মোট ৩৫ জন কর্মচারী নিয়োগ করা হয়েছে। গত বৃহস্পতিবার গভীর রাতে ওই কার্যালয়ের নোটিশ বোর্ডে ফলাফল টাঙানো হয়। শুক্রবার পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ঠিকানায় নিয়োগপত্র পাঠানো হয়। গতকাল শনিবার তাঁদের মধ্যে বেশ কয়েকজন কর্মস্থলে যোগ দিয়েছেন। নিয়োগবঞ্চিত কয়েকজন অভিযোগ করেন, হোম ভিজিটরের দুটি পদে জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নূরুজ্জামানের স্ত্রী রীনা চৌধুরী ও বিএমএর কুড়িগ্রাম জেলা শাখার সাধারণ সম্পাদক লোকমান হাকিমের ভাতিজি মরিয়ম বেগম নিয়োগ পেয়েছেন। সদর হাসপাতালের আরএমও কে কে পালের দ্বিতীয় স্ত্রী দীপিকা রানী সরকার এমএলএসএস পদে এবং চিকিৎসা কর্মকর্তা আমিনুল ইসলামের বাড়ির কাজের লোক আবদুল মান্নানকে সুইপার পদে নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগবঞ্চিত কয়েকজন আরও অভিযোগ করেন, সিভিল সার্জন গোলাম মোস্তফার গ্রামের বাড়ি ভূরুঙ্গামারী এলাকার ১১ জনের মধ্যে শহিদুল ইসলাম ও জাহেদুল ইসলামকে ড্রাইভার পদে, আলমগীর হোসেন সরকার, মোস্তাফিজুর রহমান ও আবদুল মজিদ এমএলএসএস পদে, আবদুর রউফ ও নূর আলম ওয়ার্ডবয় পদে, শামীমা আক্তার আয়া পদে, আবুল হোসেন ও ফরমান আলী নিরাপত্তা প্রহরী পদে এবং আবদুর রশীদ মণ্ডল সুইপার পদে নিয়োগ পেয়েছেন। নির্দিষ্ট অঙ্কের টাকা দিয়ে প্রার্থীরা নিয়োগ পেয়েছেন।সিভিল সার্জন কার্যালয়ের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা আবদুল কাদের সোহেলসহ কয়েকজনের মাধ্যমে টাকা লেনদেন হয়েছে। কে কে পাল তাঁর স্ত্রী এবং ডা. আমিনুল ইসলাম তাঁর বাসার কাজের ছেলের চাকরি হওয়ার কথা স্বীকার করে বলেন, প্রভাব খাটিয়ে নয় যোগ্যতায় তাঁদের চাকরি হয়েছে। বিএমএ কুড়িগ্রাম জেলা শাখার সাধারণ সম্পাদক লোকমান হাকিম বলেন, মরিয়ম বেগম তাঁর যোগ্যতায় চাকরি পেয়েছেন। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. নূরুজ্জামান বলেন, তাঁর স্ত্রী নিজ যোগ্যতায় চাকরি পেয়েছেন। সিভিল সার্জন কার্যালয়ের কর্মকর্তা আবদুল কাদের সোহেল তাঁর বিরুদ্ধে টাকা লেনদেনের সঙ্গে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছেন। সিভিল সার্জন গোলাম মোস্তফা টাকা নিয়ে নিয়োগ ও নিয়োগে অনিয়ম করার অভিযোগ অস্বীকার করেছেন। নিয়োগ কমিটির সভাপতি ও রংপুর বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের পরিচালক মো. মতিয়ার রহমান নিয়োগে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ অস্বীকার করে বলেন, সঠিকভাবে সবকিছু করা হয়েছে।