নেতা ও ব্যবসায়ীরাও 'গণমাধ্যমকর্মী'
নির্বাচন চলার সময় সংবাদ সংগ্রহের জন্য নির্বাচন কমিশন থেকে গণমাধ্যমের কর্মীদের নির্ধারিত কার্ড দেওয়া হয়। এতে সংশ্লিষ্ট পত্রিকার নাম ও ওই সাংবাদিকের ছবিও নির্বাচন কমিশন থেকে সত্যায়িত করা হয়। কিন্তু গতকাল শনিবার ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের দিন সেই কার্ড নিয়ে বিভিন্ন নির্বাচনী কেন্দ্র পরিদর্শন করতে দেখা গেছে আওয়ামী লীগের অনেক নেতাকে।
উপজেলার ভোটকেন্দ্রগুলো পরিদর্শনের জন্য নির্বাচন কমিশন থেকে পর্যবেক্ষক সাংবাদিকদের কার্ড বিতরণ করার দায়িত্বে ছিলেন উপজেলা প্রকৌশলী মো. ইসমাইল হোসেন। উপজেলা প্রকৌশলীর কার্যালয় সূত্রে জানা গেছে, ভোটকেন্দ্রগুলো পরিদর্শনের জন্য ৫৮ জন সাংবাদিকের কাছ থেকে আবেদনপত্র পাওয়া যায়। পরে তাঁদের নামে সাংবাদিক কার্ড বিতরণ করা হয়।
স্থানীয় আওয়ামী লীগের কয়েকজন শীর্ষ নেতা নির্বাচনের দিন ভোটকেন্দ্রগুলো পরিদর্শনের জন্য নির্বাচন কমিশনের সাংবাদিক কার্ড সংগ্রহ করেছেন। এই তালিকায় রয়েছেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মো. কশিরুল আলম। তিনি বিশ্ববার্তার সাংবাদিক হিসেবে ভোটকেন্দ্র পর্যবেক্ষণের আবেদন করেন। নিজেকে স্বদেশ ভূমি নামের একটি পত্রিকার প্রতিনিধি দেখিয়ে কার্ড নিয়েছেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. শামীমুজ্জামান জুয়েল। উপজেলা যুবলীগের সভাপতি শাহাজাহান আলী সরকার কার্ড নিয়েছেন আমার সংবাদ-এর প্রতিনিধি হিসাবে। উপজেলা যুবলীগের প্রচার সম্পাদক শামীমুজ্জামান কাজল ফ্রাইডে রিভিউ পত্রিকার নামে কার্ড নিয়েছেন।
উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আশরাফ আলী মানব কণ্ঠ-এর প্রতিনিধি ও মেয়র কশিরুল আলমের ছেলে মাসুম আলম দৈনিক উত্তরবঙ্গ-এর সাংবাদিক হিসেবে কার্ড নিয়েছেন। তাঁদের পক্ষে কার্ড সংগ্রহ করেছেন নিউজ টুডে-এর প্রতিনিধি মো. মোশাররফ হোসেন। তিনি বলেন, ‘আমি তাঁদের পক্ষে কার্ডগুলো সংগ্রহ করেছি মাত্র। তাঁরা কোন পত্রিকার সাংবাদিক, তা বলতে পারব না।’ এ ছাড়া উপজেলা দলিল লেখক সমিতির সভাপতি জাহাঙ্গীর আলম, কৃষক দলের সভাপতি মামুনুর রশীদ, ইমন স্টিলের মালিক এমদাদুল হক, ব্যবসায়ী সুলতান আলমগীরসহ অনেক ব্যবসায়ীও সাংবাদিকের কার্ড নিয়েছেন।
উপজেলা প্রকৌশলী ইসমাইল হোসেন বলেন, ‘কেউ পত্রিকার পরিচয়পত্র দিয়ে আবেদন করলে সাংবাদিক কার্ড দেওয়া ছাড়া উপায় থাকে না।’ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. শামীমুজ্জামান জুয়েল বলেন, ‘রাজনীতির পাশাপাশি সাংবাদিকতা শুরু করেছি। তাই কেন্দ্র পরিদর্শনের জন্য কার্ড নিয়েছিলাম।’