নেতা-কর্মীদের একা চলাচল না করার পরামর্শ বিএনপির
সাম্প্রতিক পরিস্থিতিতে একা চলাচল না করা, নির্জন ও অনিরাপদ জায়গা এড়িয়ে চলাসহ দলীয় নেতা-কর্মীদের ১০ দফা পরামর্শ দিয়েছে বিএনপি।
গুম-খুন নিয়ে ‘রেড এলার্ট’ জারির এক দিন পর গতকাল শুক্রবার গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব পরামর্শ তুলে ধরেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরামর্শগুলো হলো:
১. প্রত্যেকের আওতাধীন এলাকায় প্রচারপত্র, পোস্টার, সভাসহ বিভিন্নভাবে অপহরণ, গুম সম্পর্কে জনগণকে সচেতন করা এবং এর বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলা।
২. চলাফেরায় সতর্ক থাকা। একা চলাচল, নির্জন ও অনিরাপদ স্থান এড়িয়ে চলা।
৩. নেতা-কর্মীদের একে অন্যের এবং সবাই মিলে সাধারণ মানুষের নিরাপত্তার দিকে খেয়াল রাখা। পারস্পরিক যোগাযোগ বজায় রাখা।
৪. সাংবাদিক ও আইনশৃঙ্খলা বাহিনীর স্থানীয় কর্মকর্তাদের ফোন নম্বর সংগ্রহে রাখা এবং যেকোনো দুর্ঘটনা ঘটলে দ্রুত জানানো।
৫. কেন্দ্রের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা।
৬. কোথাও অপহরণের সংবাদ পেলে তাৎক্ষণিকভাবে সবাই মিলে সেখানে উপস্থিত হওয়া।
৭. আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে কাউকে আটক করার চেষ্টা হলে তাঁদের পরিচয় এবং কোথায় নিয়ে নেওয়া হচ্ছে, তা নিশ্চিত হওয়া।
৮. আটক ব্যক্তিকে যেখানে নিয়ে যাওয়া হচ্ছে, দলবল নিয়ে সেখানে গিয়ে কর্মকর্তাদের সঙ্গে কথা বলা এবং কী অভিযোগে, কোন মামলায় গ্রেপ্তার করা হয়েছে, তা জানার চেষ্টা করা।
৯. আইনশৃঙ্খলা বাহিনীর ভুয়া পরিচয় দিলে তাদের প্রতিরোধ করা এবং পুলিশে সোপর্দ করা।
১০. ঘটনার শিকার ব্যক্তির পাশে দাঁড়ানো।
মির্জা ফখরুল বলেন, দেশে যখন ভয়ংকর আতঙ্কের অবস্থা বিরাজ করছে, তখন আইনশৃঙ্খলা সম্পূর্ণ স্বাভাবিক দাবি করে সরকার নাগরিকদের নিরাপত্তা নিয়ে চরম পরিহাস করে চলেছে।
এখন দেশে যে চোরাগোপ্তা হত্যাকাণ্ড হচ্ছে, এর জন্য বিএনপিকে দায়ী করে গত বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া বক্তৃতা সম্পর্কে প্রতিক্রিয়া জানতে চাইলে ফখরুল বলেন, জনগণকে বোকা বানানোর জন্য এ ধরনের বক্তব্য দেওয়া হচ্ছে। কিন্তু জনগণ জানে, কারা এসব করছে। গুম ও খুনের ‘ভিকটিম’ বিএনপি।