নেতা-কর্মীদের তোপের মুখে সাংসদ রহমান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় নেতা-কর্মীদের তোপের মুখে পড়েছেন স্থানীয় আওয়ামী লীগের সাংসদ আবদুর রহমান। গত শনিবার সকালে উপজেলা সদরের বাসস্ট্যান্ডের কাছে দলের নবনির্মিত কার্যালয়ে ওই সভা অনুষ্ঠিত হয়। দিনব্যাপী এ সভায় প্রধান অতিথি ছিলেন ফরিদপুর-১ (মধুখালী-বোয়ালমারী-আলফাডাঙ্গা) আসনের এই সাংসদ।দলীয় সূত্রে জানা গেছে, ২০০৮ সালের নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর আলফাডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের ৩৮টি বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। আমন্ত্রণ জানানো হলেও এর কোনোটিতেই যোগ দেননি সাংসদ আবদুর রহমান। সভায় উপস্থিত নেতা-কর্মীরা জানান, শনিবারের বর্ধিত সভায় সাংসদকে পেয়ে নেতা-কর্মীরা তীব্রভাবে তাঁর কর্মকাণ্ডের সমালোচনা করেন। বক্তারা গত চার বছরে এলাকায় ব্যাপক উন্নয়নমূলক কর্মকাণ্ডের জন্য সাংসদের প্রশংসার পাশাপাশি দলের নেতা-কর্মীদের সঙ্গে যোগাযোগ না রাখা, উন্নয়নকাজে দলের কর্মীদের সম্পৃক্ত না করা, উন্নয়নকাজে নিজস্ব বলয় সৃষ্টি করা, সংগঠনকে না জানিয়ে হঠাৎ হাজির হয়ে গোপনে সভা করা, নির্বাচনের পর আহ্বায়ক কমিটির সভা না করাসহ নানাবিধ অভিযোগ এনে তাঁর ব্যাপক সমালোচনা করেন। সাংসদ আবদুর রহমান ধৈর্যের সঙ্গে সবার বক্তব্য শোনেন।আলফাডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আকরাম হোসেনের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান খান বেলায়েত হোসেন, সাধারণ সম্পাদক নূরুল বাশার, মুক্তিযোদ্ধা কমান্ডার রাজীব হোসেন তালুকদার, আবুল কাশেম মণ্ডল প্রমুখ। ঘটনার সত্যতা নিশ্চিত করে নূরুল বাশার বলেন, নেতা-কর্মীদের প্রতি সীমাহীন অবহেলা ও উদাসীনতা এবং দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভের কারণে সভায় সাংসদ তোপের মুখে পড়েন।এ ব্যাপারে আবদুর রহমান প্রথম আলোকে বলেন, ‘দলীয় মিটিং-সিটিংয়ে জাতীয় মান-অভিমান-ক্ষোভ থাকেই। এটাই স্বাভাবিক। পাশাপাশি আমাদের ভুলে গেলে চলবে না যে আদর্শিক রাজনীতিতে ব্যক্তিগত পাওয়া না-পাওয়ার হিসাব গৌণ হয়ে যায়।’