নেতা-কর্মীদের না ছাড়ায় থানায় গিয়ে হুমকি
চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার চার কর্মীকে না ছাড়ায় গতকাল বৃহস্পতিবার তেজগাঁও শিল্পাঞ্চল থানায় গিয়ে হুমকি দিয়েছেন যুবলীগের নেতা-কর্মীরা।
থানা সূত্র জানায়, চাঁদাবাজির মামলায় পুলিশ গত দুদিনে এজাহারভুক্ত চার আসামিকে গ্রেপ্তার করে। এরা হলেন রফিকুল ইসলাম, হেমায়েতউদ্দিন, কাওসার হোসেন ও মিঠু। গতকাল তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
গতকাল সকাল সাড়ে আটটার দিকে যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য রফিকুল ইসলামের নেতৃত্বে শতাধিক নেতা-কর্মী থানা ঘেরাও করেন। আসামিদের ছেড়ে না দেওয়ায় তাঁরা পুলিশকে গালাগাল করেন। ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশের এক কর্মকর্তা বলেন, ‘আসামিদের ছেড়ে দিতে উচ্চপর্যায় থেকে তদবির ও চাপ ছিল।’
পুলিশ জানায়, যুবলীগের নেতা রফিকুল ইসলামের বিরুদ্ধে শিল্পাঞ্চল এলাকার বিজি প্রেসের কর্মীদের রংধনু ক্লাব দখল করে অপরাধমূলক তৎপরতা চালানোর অভিযোগ ছিল। এ বিষয়ে রফিকুল ইসলামের বক্তব্য জানার জন্য ফোনে যোগাযোগ করার চেষ্টা হলেও তাঁকে পাওয়া যায়নি।