১২ মার্চ ঢাকায় মহাসমাবেশে যেতে বিএনপির নেতা-কর্মীদের বাসায় বাসায় পুলিশি তল্লাশির নামে হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি এম ইলিয়াস আলী।গতকাল শুক্রবার জেলা বিএনপির দপ্তর সম্পাদকের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে সিলেটের দক্ষিণ সুরমা ও বালাগঞ্জে বিএনপির নেতা-কর্মীদের বাসায় পুলিশ তল্লাশির নামে হয়রানি করছে বলে জানানো হয়।সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তাজরুল ইসলাম, জেলা বিএনপির সদস্য সেলিম আহমদ, বালাগঞ্জ উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক তোফায়েল আহমদ, ছাত্রদলের নেতা আহমদ চৌধুরী, শাকিল মুর্শেদ, আসাদুজ্জামান, শামীম আহমদ, আবদুল মুক্তাদির, কাওসার আহমদ, সেলিম আহমদ, খালেদ আহমদ, ইমরান হোসেন, আওলাদ হোসেন এবং যুবদলের ইজলালুর রহমানের বাসাবাড়িতে গত বুধ ও বৃহস্পতিবার রাতে পুলিশ তল্লাশি চালায়।সিলেট মহানগর পুলিশের কমিশনার অমূল্য ভূষণ বড়ুয়ার দৃষ্টি আকর্ষণ করলে তিনি জানান, অপরাধী ধরতে পুলিশি তৎপরতা সব সময়ই থাকে। নির্দিষ্ট কোনো রাজনৈতিক দলের নেতা-কর্মীকে গ্রেপ্তার করার ক্ষেত্রে পুলিশ ব্যবহূত হচ্ছে—এমন অভিযোগের কোনো প্রমাণ নেই।ছাত্রদলের প্রচারমিছিল: জাতীয়তাবাদী ছাত্রদল সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের উদ্যোগে চলো চলো ঢাকা চলো কর্মসূচির প্রচারে গতকাল বিকেলে প্রচারমিছিল নগরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে নগরের চৌহাট্টা মোড়ে পথসভায় জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সদস্য ও সিলেট ল কলেজের ভিপি মাহবুবল হক চৌধুরীর সভাপতিত্বে ছাত্রদলের নেতা আবুল হাসনাত, আবদুর রকিব চৌধুরী, শফিকুর রহমান, আবদুুস সামাদ, আবদুল মজিদসহ বিভিন্ন ওয়ার্ড শাখার নেতারা বক্তব্য দেন।