যুবদলের নেতা-কর্মীদের মামলা প্রত্যাহার, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মুক্তি, জুলুম নির্যাতন ও গুপ্তহত্যা বন্ধের দাবিতে দুই দিনের কর্মসূচি দিয়েছে বিএনপির অঙ্গসংগঠন জাতীয়তাবাদী যুবদল। কর্মসূচি অনুযায়ী আগামী ২ জানুয়ারি থানা, উপজেলা ও পৌরসভায় এবং ৪ জানুয়ারী জেলা সদরে প্রতিবাদ সভা করবে যুবদল।গতকাল সোমবার সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে কর্মসূচি ঘোষণা করেন সংগঠনের সহসভাপতি আবদুস সালাম আজাদ। তিনি বলেন, দাবি মানা না হলে পরবর্তী সময়ে আরও বৃহত্তর কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আবদুস সালাম বলেন, ১৮ ডিসেম্বর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন প্রাঙ্গণে বিএনপি আয়োজিত মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে সরকার বাধা দেয়। এরপর তারা এখন পর্যন্ত যুবদলের দেড় শ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে। সংবাদ সম্মেলনে যুবদলের প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক মীর নেওয়াজ আলীসহ সংগঠনের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।