গ্রেপ্তার করা নেতা-কর্মীদের মুক্তি এবং তাঁদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল। গতকাল মঙ্গলবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়।ছাত্রদলের সহসভাপতি হায়দার আলী সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন। বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক সাংসদ শহীদ উদ্দীন চৌধুরী এ্যানিসহ ছাত্রদলের সাবেক নেতারা সংবাদ সম্মেলনে বক্তব্য দেন। লিখিত বক্তব্য পাঠ করেন ছাত্রদলের জ্যেষ্ঠ যুগ্ম সম্পাদক আমিরুজ্জামান খান।সংবাদ সম্মেলনে বলা হয়, ১৮ ডিসেম্বর পুলিশের হামলায় ছাত্রদলের দুই শতাধিক নেতা-কর্মী আহত হন। গ্রেপ্তার করা হয় ছাত্রদলের সহসাংগঠনিক সম্পাদকসহ ২৫০ জন নেতা-কর্মীকে। ছাত্রদলের সভাপতি, সাধারণ সম্পাদকসহ অনেক নেতার বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়। এসব মামলা প্রত্যাহার এবং গ্রেপ্তার হওয়া নেতা-কর্মীদের মুক্তির দাবিতে কাল বৃহস্পতিবার ও পরদিন সারা দেশে বিক্ষোভ করবে ছাত্রদল।সংবাদ সম্মেলনে ছাত্রদলের ৩৩তম প্রতিষ্ঠাবাষির্কী উপলক্ষে কর্মসূচি ঘোষণা করা হয়। কর্মসূচি অনুযায়ী, ১ জানুয়ারি রাত ১২টা ১ মিনিটে নয়াপল্টনের ভাসানী মিলনায়তনে কেক কেটে প্রথম প্রহর উদ্যাপন করা হবে। সকাল ১০টায় বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবর জিয়ারত ও বেলা দুইটায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আলোচনা সভা। আলোচনায় প্রধান অতিথি থাকবেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।