নেতা-কর্মীদের মুক্তি না দিলে দুর্বার আন্দোলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশব্যাপী নেতা-কর্মীদের হত্যার বিচার, গ্রেপ্তারকৃত নেতা-কর্মীদের মুক্তি ও তাঁদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন রাজশাহী বিভাগীয় ১৮ দলের নেতারা। অন্যথায় দুর্বার আন্দোলনের মাধ্যমে সরকারের পতন ঘটানোর হুমকি দিয়েছেন জোটের নেতারা।গতকাল সোমবার দুপুর ১২টায় রাজশাহী নগরের একটি কমিউনিটি সেন্টারে রাজশাহী বিভাগীয় ১৮ দলীয় জোট আয়োজিত সংবাদ সম্মেলনে নেতারা এ দাবি জানান। লিখিত বক্তব্যে বিএনপির যুগ্ম মহাসচিব ও রাজশাহীর ১৮ দলীয় জোটের আহ্বায়ক মিজানুর রহমান বলেন, সরকার সারা দেশের মতো রাজশাহী বিভাগেও পুলিশ, র‌্যাব ও বিজিবিকে নির্দেশ দিয়ে হামলা-মামলা, জুলুম-নিপীড়ন, নির্যাতন, এমনকি সাম্প্রতিক সময়ে ‘গণহত্যা’র মতো ঘৃণ্য কাজ করেছে। এই সরকারের হাতে দেশ, জাতি ও ধর্ম নিরাপদ নয়।বিএনপির স্বনির্ভর-বিষয়ক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার ও রাজশাহী মহানগর জামায়াতের আমির আতাউর রহমানসহ সব নেতা-কর্মীর নিঃশর্ত মুক্তির দাবি জানিয়ে মিজানুর রহমান বলেন, ‘আমাদের এখন সরকার পতনের এক দফা আন্দোলন। প্রয়োজনে রাজশাহী বিভাগে লাগাতার হরতাল দিয়ে অচল করে দেওয়া হবে।’সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক হারুন-অর রশিদ, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল হক, সাবেক সাংসদ আজিজুর রহমান, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য রফিকুল ইসলাম, মোসাদ্দেক হোসেন, জামায়াতের নেতা রফিকুল ইসলাম, লতিফুর রহমান, জহুরুল ইসলাম, জাহিদুল ইসলাম, আবদুর রকিবসহ জোটের রাজশাহী বিভাগের বিভিন্ন পর্যায়ের নেতারা।