নেতা-কর্মীদের মুক্তির দাবিতে মানববন্ধন ইউপিডিএফের
‘নির্যাতন ও হয়রানি’ বন্ধ এবং ইউপিডিএফের আটক নেতা-কর্মীদের মুক্তির দাবিতে গতকাল বুধবার খাগড়াছড়িতে মানববন্ধন করেছে ইউপিডিএফ।
সকালে খাগড়াছড়ি সদর উপজেলার জামতলী থেকে পানছড়ি উপজেলার লোগাংয়ের দুদুকছড়া পর্যন্ত বিভিন্ন পয়েন্টে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন করা হয়। এতে ইউপিডিএফের নেতা-কর্মীরা ছাড়াও সংগঠন-সমর্থিত ১০টি ক্লাব ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামে রাজনৈতিক নিপীড়ন বেড়েছে। নির্যাতন-হয়রানি প্রতিদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। অন্যদিকে গণতান্ত্রিক অধিকার সংকুচিত করা হয়েছে। একটি বিশেষ সম্প্রদায়ের ও সংগঠনের লোকজন ছাড়া পাহাড়ি সংগঠনগুলোকে সভা-সমাবেশ করতে দেওয়া হচ্ছে না। বক্তারা বলেন, এ অবস্থা আর মেনে নেওয়া হবে না।
কর্মসূচিতে বক্তব্য দেন স্বনির্ভর বাজার কমিটির সভাপতি দিপায়ন চাকমা, ভাইবোনছড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান কান্তিলাল দেওয়ান, ইউপিডিএফের পানছড়ি উপজেলার প্রতিনিধি প্রহর চাকমা, চেঙ্গী ইউপির সাবেক চেয়ারম্যান অনিল চন্দ্র চাকমা, মারমা ঐক্য পরিষদের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমেল মারমা, গণতান্ত্রিক যুব ফোরামের পানছড়ি উপজেলা শাখার সাধারণ সম্পাদক মিন্টু চাকমা প্রমুখ।