নেতা-কর্মীদের সঙ্গে সরোয়ার ও শামীমের মতবিনিময়

বরিশাল-৫ (সদর) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী কর্নেল (অব.) জাহিদ ফারুক (শামীম) ও বিএনপি মনোনীত প্রার্থী বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও বরিশাল নগর বিএনপির সভাপতি মজিবর রহমান সরোয়ার গতকাল মঙ্গলবার বরিশালে পৌঁছেছেন।
জাহিদ ফারুক দুপুরে নৌপথে বরিশালে পৌঁছান। বরিশাল নৌবন্দরে আওয়ামী লীগের নেতা-কর্মীরা তাঁকে স্বাগত জানান। তাঁর আসার খবর পেয়ে সকাল থেকেই নগরের বিভিন্ন এলাকায় নেতা-কর্মীরা জড়ো হতে থাকেন। এরপর তাঁরা দুইটার দিকে বরিশাল নৌবন্দরে যান। বেলা আড়াইটায় তিনি নৌপথে বরিশাল পৌঁছালে সেখানে দলীয় নেতা-কর্মীরা স্বাগত জানান। এরপর তিনি সেখান থেকে বরিশাল ক্লাবের শওকত হোসেন হিরন গেস্টহাউসে যান এবং সেখানে জেলা আওয়ামী লীগের সভাপতি ও কেন্দ্রীয় সদস্য সাংসদ আবুল হাসানাত আবদুল্লাহ, বরিশাল সিটি করপোরেশনের মেয়র সাদিক আবদুল্লাহসহ দলের অন্য নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। পরে তিনি নগরের নবগ্রাম সড়কের বাড়িতে যান। এখানে তিনি দিনভর দলীয় নেতা-কর্মী ও সমর্থকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
অপরদিকে বিএনপি প্রার্থী মজিবর রহমান সকালে বরিশাল পৌঁছান। লঞ্চঘাটে তাঁর সমর্থক ও দলের নেতা-কর্মীরা তাঁকে স্বাগত জানান। এরপর তাঁর বাড়িতে এলাকার লোকজন ও সমর্থকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। পরে সন্ধ্যা ছয়টায় তিনি নগরের সদর রোডে বিএনপির দলীয় কার্যালয়ে নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় করেন। আজ মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে তাঁরা দুজনই মনোনয়নপত্র জমা দেবেন। বরিশাল নগর বিএনপির যুগ্ম সম্পাদক আনোয়ারুল হক গতকাল সন্ধ্যায় বলেন, মজিবর রহমান সারা দিনই ব্যস্ত সময় কাটিয়েছেন। তবে তিনি সারা দিনই বাড়িতে ছিলেন। সন্ধ্যায় দলীয় কার্যালয়ে মতবিনিময় করেন। কাল (আজ) কখন মনোনয়নপত্র জমা দেবেন, তা এখনো ঠিক হয়নি।