নেতা গুঁড়িয়ে দিলেন দিনমজুরের বাড়ি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বসতবাড়ির জমি দখলের জন্য বগুড়ার ধুনট উপজেলায় স্বেচ্ছাসেবক লীগের এক নেতা এক দিনমজুরের বাড়িঘর গুঁড়িয়ে দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গত বুধবার ধুনট পৌরসভার চরধুনট গ্রামে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, প্রায় ৩০ বছর আগে ওই গ্রামের দিনমজুর হাফিজুর রহমান একই গ্রামের আজিবর রহমানের কাছ থেকে ৯ শতক জমি কিনে সেখানে দুটি ঘর তুলে বাস করে আসছিলেন। হাফিজুরের কোনো সন্তান নেই। সপ্তাহ খানেক আগে অভাবের তাড়নায় স্ত্রী দুখুনি বেগমকে বাড়িতে রেখে হাফিজুর কাজের খোঁজে অন্যত্র চলে যান। এ সুযোগে গত বুধবার সকালে আজিবর রহমানের ছেলে ধুনট পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ তাঁর লোকজন নিয়ে হাফিজুরের বাড়িঘর গুঁড়িয়ে দেন।
দুখুনি বেগম বলেন, ‘আমার স্বামী প্রায় ৩০ বছর আগে ১৫ হাজার টাকা দিয়ে ৯ শতক জমি কিনে ঘরবাড়ি করেছে। অনেক দিন বলার পরও তাঁরা আমাইগরে জমির দলিল করে দেয় নাই। এখন জমির দাম অনেক বেশি। তাই আমার স্বামী বাড়িতে না থাকার সুযোগে সুলতান তাঁর লোকজন নিয়ে এসে ঘরবাড়ি ভেঙে দিয়েছে। আমি দুই দিন ধইরা মানুষের বাড়িতে আছি।’ দুখুনি বেগম অভিযোগ করেন, পুলিশের কাছে অভিযোগ দিতে গেলে পুলিশ তাঁর অভিযোগ নেয়নি।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে সুলতান মাহমুদ দাবি করেন, ওই জমির বৈধ কাগজ রয়েছে তাঁদের নামে। হাফিজুরকে তাঁর বাবা আজিবর রহমান ওই জমিতে ঘরবাড়ি করে থাকতে দিয়েছিলেন। টাকার বিনিময়ে বিক্রি করেননি। ওই দম্পতি তাঁদের সঙ্গে আপস-মীমাংসা করে নিজেরাই ঘরবাড়ি ভেঙে নিয়েছে। ধুনট পৌরসভার কাউন্সিলর আল আমিন বলেন, ঘরবাড়ি ভাঙচুরের ঘটনা সত্য। দুই পক্ষের কাগজপত্র দেখে আজকালের মধ্যেই আপস-মীমাংসা করা হবে।
ধুনট থানার ওসি শাহজাহান পাশা বলেন, তাঁর কাছে এ বিষয়ে কেউ অভিযোগ দিতে আসেনি। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।