নেতা চাকরিচ্যুত বিক্ষুব্ধ খুলনার পাটকলশ্রমিকেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ রাষ্ট্রায়ত্ত জুট মিল সিবিএ-ননসিবিএ ঐক্য পরিষদের আহ্বায়ক মো. সোহরাব হোসেনকে চাকরিচ্যুত করা হয়েছে। বুধবার রাত সাড়ে ১১টার দিকে তাঁর কর্মস্থল ক্রিসেন্ট জুট মিলের নোটিশ বোর্ডে এ-সংক্রান্ত বিজ্ঞপ্তি টানিয়ে দেয় মিল কর্তৃপক্ষ। বিজ্ঞপ্তিতে কোনো কারণ বলা না হলেও পাটকলশ্রমিকদের অধিকার আদায়ের আন্দোলন বন্ধ করতেই তাঁকে চাকরিচ্যুত করা হয়েছে বলে মনে করছেন সোহরাব হোসেন। এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার টানা ১০ ঘণ্টা উৎপাদন বন্ধ রেখে মিলগেটে জড়ো হয়ে বিক্ষোভ করেছেন শ্রমিকেরা।
বকেয়া মজুরি পরিশোধ, পাট খাতে প্রয়োজনীয় অর্থ বরাদ্দসহ পাঁচ দফা দাবিতে গত ৪ থেকে ১৩ এপ্রিল পর্যন্ত ধর্মঘটের পাশাপাশি রাজপথ-রেলপথ অবরোধ কর্মসূচি পালন করেন খুলনা অঞ্চলের রাষ্ট্রীয় পাটকলের শ্রমিকেরা। ওই আন্দোলনে নেতৃত্ব দেয় বাংলাদেশ পাটকল সিবিএ-ননসিবিএ ঐক্য পরিষদ। এ খাতে এক হাজার কোটি টাকা দেওয়া হবে বলে প্রধানমন্ত্রীর ঘোষণার পর আন্দোলন প্রত্যাহার করা হয়। তবে গত এক মাসের মধ্যে ওই টাকা ছাড় না হওয়ায় বুধবার সংবাদ সম্মেলন করে আগামী ৭ জুন পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়। পর্যাপ্ত টাকা ছাড় না হলে আবারও আন্দোলনে নামার ঘোষণা দেয় সংগঠনটি। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মো. সোহরাব হোসেন। ওই রাতেই তাঁকে চাকরিচ্যুত করা হয়।
সোহরাব হোসেনকে চাকরিচ্যুতির ঘটনায় রাতেই মিলগেটে অবস্থান নিয়ে গভীর রাত পর্যন্ত বিক্ষোভ করেন শ্রমিকেরা। গতকাল বৃহস্পতিবার সকাল ছয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত তাঁরা উৎপাদন বন্ধ রেখে মিলগেটে জড়ো হয়ে বিক্ষোভ করেন।
সোহরাব হোসেন ছিলেন ক্রিসেন্ট জুট মিলের তাঁত বিভাগের লাইন সরদার ও মিল সিবিএর সাধারণ সম্পাদক। এই জুট মিল সিবিএর সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক বলেন, সোহরাব হোসেনকে ২০০৬ সালের শ্রম আইনের ৬(ক) ধারায় বরখাস্ত দেখানো হয়েছে। বরখাস্তের চিঠিতে প্রকল্প প্রধান (ডিজিএম) রফিকুল ইসলামের স্বাক্ষর রয়েছে। এ ব্যাপারে কথা বলতে যোগাযোগ করেও রফিকুল ইসলামকে পাওয়া যায়নি। এ ব্যাপারে মিলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কেউই কথা বলতে রাজি হননি। তবে নাম ও পদবি প্রকাশে অনিচ্ছুক একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, বাংলাদেশ জুট মিল করপোরেশনের (বিজেএমসি) ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে সোহরাব হোসেনের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।
এদিকে সোহরাব হোসেনের চাকরিচ্যুতির আদেশ প্রত্যাহার না হওয়া পর্যন্ত কর্মবিরতি ঘোষণা করেছেন ক্রিসেন্ট জুট মিলের শ্রমিকনেতারা। তা ছাড়া আজ শুক্রবার খালিশপুর শিশুপার্কের সামনে এক শ্রমিক সভার ঘোষণা দেওয়া হয়েছে।