নেতা জাতীয় পার্টির প্রার্থী নির্দলীয়
জয়পুরহাটের আক্কেলপুর পৌরসভা নির্বাচনে উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আমিনুল আহসান ওরফে নান্নু মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র নিয়েছেন।
সহকারী রিটার্নিং ও উপজেলা নির্বাচন কর্মকর্তা শহিদুল ইসলাম প্রামাণিক স্বতন্ত্র প্রার্থী হিসেবে তাঁর মনোনয়নপত্র নেওয়ার কথা প্রথম আলোকে নিশ্চিত করেছেন।
শহিদুল ইসলাম বলেন, আওয়ামী লীগের গোলাম মাহফুজ চৌধুরী, আমিনুল আহসান ও আবদুর রহিম স্বতন্ত্র প্রার্থী হিসেবে মেয়র পদে মনোনয়নপত্র নিয়েছেন।
পৌরসভা নির্বাচনে লাঙল প্রতীক নিয়ে নির্বাচনে জয়লাভের সম্ভাবনা না থাকা এবং আওয়ামী লীগ-বিএনপির দলীয় প্রার্থী ঘোষণা করা হলে অন্তর্দ্বন্দ্বের কারণে দুটি দলেরই কিছু নেতা-কর্মী দলের প্রার্থীর প্রতি নাখোশ হতে পারেন। দুই দলের সেসব নাখোশ নেতা-কর্মী এবং দলের বাইরে থাকা লোকজনের ভোট টানতেই উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আমিনুল আহসানকে নির্দলীয় প্রার্থী করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।
নাম প্রকাশ না করার শর্তে জাতীয় পার্টির শীর্ষ স্থানীয় তিনজন নেতা জানান, ২০১৪ সালের ৫ জানুয়ারির সংসদ নির্বাচনে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের দ্বিমুখী আচরণের কারণে এখানে জাপার জনপ্রিয়তা অনেকটাই কমে গেছে। এ অবস্থায় লাঙল প্রতীক নিয়ে নির্বাচন করলে দলীয় প্রার্থীর পরাজয় প্রায় নিশ্চিত। এ কারণে আমিনুল আহসানকে স্বতন্ত্র প্রার্থী করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে তাঁর জয়লাভের পথ সুগম হবে। তিনি নিদর্লীয়ভাবে নির্বাচিত হলে জাতীয় পার্টিরই মেয়র হবেন।
জাতীয় পার্টির ২০-২৫ জন নেতা-কর্মী জানান, আমিনুল আহসান ব্যক্তি হিসেবে এলাকায় খুবই জনপ্রিয়। মেয়র পদে দলীয় প্রতীকেই তাঁর নির্বাচন করার কথা ছিল। তাঁদের মতে, এখানে মেয়র পদে আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থী চূড়ান্ত হলে দুটি দলের বিপুলসংখ্যক নেতা-কর্মী দলীয় প্রার্থীর বিপক্ষে অবস্থান নিতে পারেন। এ ছাড়া কোনো দলের সমর্থক নন এমন বহু ভোটারও রয়েছেন। লাঙল প্রতীকে নির্বাচনে দাঁড়ালে ওই ভোটগুলো হাতছাড়া হয়ে যাবে। নির্বাচনী মাঠ যাচাইয়ের পর আমিনুল আহসানকে তাই স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য বলা হয়েছে। এ কারণে দলের সাধারণ সম্পাদক হলেও তিনি মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র নিয়েছেন। জাপার নেতা-কর্মীরা তাঁকে জিতিয়ে আনতে আপ্রাণ চেষ্টা করবেন।
আমিনুল আহসান বলেন, ‘আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মেয়র পদে মনোনয়ন নিয়েছি। দলীয়ভাবে নির্বাচন করব না। দলের নেতা-কর্মীরাই আমাকে এই সিদ্ধান্ত দিয়েছেন।’
উপজেলা জাতীয় পার্টির সভাপতি আবু ওহাব চৌধুরী বলেন, দলের সাধারণ সম্পাদক আমিনুল আহসান স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন। এটা জাতীয় পার্টির নির্বাচনী কৌশল।