নেতা হয়েছেন স্বপন, শূন্য থেকে কোটিপতি তাঁর স্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাংসদ না হয়েও নিজের আয় প্রায় ১২ গুণ বাড়িয়েছেন আওয়ামী লীগের জয়পুরহাট জেলা শাখার সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন। আর তাঁর স্ত্রী মেহবুবা আলম শূন্য থেকে গত পাঁচ বছরে হয়েছেন কোটিপতি। পাঁচ বছর আগে কোনো জমি না থাকলেও এখন তিনি সাড়ে আট একর জমির মালিক।
তবে সাঈদ আল মাহমুদ বলেছেন, তিনি বৈধভাবে ব্যবসা করে এ সম্পদের মালিক হয়েছেন এবং স্ত্রীর নামে সম্পদ করেছেন। তিনি বলেন, সব মিলিয়ে তাঁর এবং তাঁর স্ত্রীর এক কোটি ৪০ লাখ টাকার মতো সম্পদ আছে। এর বাইরে তাঁদের আর কোনো সম্পদ নেই।
২০০৮ সালের সংসদ নির্বাচনে জয়পুরহাট-২ আসন থেকে নির্বাচন করেন সাঈদ। ওই নির্বাচনে দেওয়া হলফনামায় তিনি নিজের বার্ষিক আয় দেখিয়েছিলেন তিন লাখ টাকা। আর মৎস্য চাষ থেকে আয় দেখিয়েছিলেন ৯৫ হাজার টাকা। ওই নির্বাচনে তিনি পরাজিত হন। পরের বছর আওয়ামী লীগের যে সম্মেলন হয়, তাতে তিনি দলের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন। এবার তিনি জয়পুরহাট-২ (আক্কেলপুর-ক্ষেতলাল-কালাই) আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন এবং বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
এবারের নির্বাচনে দেওয়া হলফনামায় সাঈদ আল মাহমুদ নিজের পেশা উল্লেখ করেছেন ব্যবসা। তাঁর ব্যবসা প্রতিষ্ঠানের নাম রূপালী ইঞ্জিনিয়ার্স অ্যান্ড ট্রেনিং লিমিটেড ও উইনার অ্যাসেটস লিমিটেড।
হলফনামায় দেওয়া তথ্য অনুযায়ী, ব্যবসা থেকে তাঁর আয় গত পাঁচ বছরে সাড়ে ১১ গুণ বেড়ে ৩৪ লাখ ৭৫ হাজার ৫২০ টাকা হয়েছে। ২০০৮ সালে দেওয়া হলফনামায় তাঁর স্ত্রীর কোনো আয় ছিল না। কিন্তু এবার ব্যবসা থেকে তাঁর স্ত্রীর আয় বার্ষিক ১১ লাখ টাকা। সব মিলিয়ে তাঁদের আয় ৪৫ লাখ ৭৫ হাজার ৫২০ টাকা।
২০০৮ সালে দেওয়া হলফনামায় সাঈদ আল মাহমুদের স্ত্রীর কোনো সম্পদ ছিল না। কিন্তু এবার তিনি যে হলফনামা দিয়েছেন তাতে দেখা গেছে, ব্যাংকে তাঁর স্ত্রীর নগদ রয়েছে চার লাখ ১০ হাজার টাকা। এ ছাড়া সঞ্চয়পত্রে তাঁর বিনিয়োগ পাঁচ লাখ ৯৯ হাজার টাকা। গতবার তাঁর কোনো সোনাদানা না থাকলেও এবার তাঁর চার লাখ টাকার ২০ ভরি স্বর্ণ হয়েছে। এ ছাড়া আড়াই লাখ টাকার টিভি, এসি ইত্যাদি রয়েছে।
২০০৮ সালে কোনো জমি না থাকলেও এবার মেহবুবা আলম আট একরের বেশি অকৃষি জমির মালিক হয়েছেন, যার দাম দেখানো হয়েছে ৪০ লাখ ২৫ হাজার টাকা। এ ছাড়া জয়পুরহাটের শান্তিনগরে তিনি একটি বাড়ি নির্মাণ শুরু করেছেন, যার খরচ দেখানো হয়েছে ৩৫ লাখ টাকা।
সাঈদ আল মাহমুদ জয়পুরহাট, ঢাকার সাভার ও পটুয়াখালীর কুয়াকাটায় দুটি জমির জন্য ৫২ লাখ ৩৫ হাজার টাকা অগ্রিম দিয়েছেন বলে হলফনামায় উল্লেখ করেছেন। এ ছাড়া স্বজন, বন্ধু ও সহকর্মীদের কাছ থেকে তিনি ২০ লাখ টাকা ঋণ নিয়েছেন বলে উল্লেখ করেন।
নিজের ও স্ত্রীর এ আয় সম্পর্কে জানতে চাইলে সাঈদ আল মাহমুদ প্রথম আলোকে বলেন, ‘অন্য রাজনীতিবিদের সঙ্গে আমাকে মেলাবেন না। সব মিলিয়ে আমার এবং আমার স্ত্রীর এক কোটি ৪০ লাখ টাকার সম্পদ আছে। এর বাইরে কোথাও আমার কোনো সম্পদ নেই। আমার যা আছে, আমি সবই হলফনামায় দেখিয়েছি।’
আবু সাঈদ আল মাহমুদ বলেন, ‘আমি আগেও ব্যবসা করতাম। সংগঠনের নেতা নির্বাচিত হওয়ার পর আমার পরিচিতি বেড়েছে, ব্যবসাও বেড়েছে। আমি সেই আয় থেকে স্ত্রীর নামে জমি ও একটি বাড়ি কিনে দিয়েছি। অবৈধভাবে একটি টাকাও আয় করিনি।’