নেতাকে বহিষ্কার নিয়ে দুই পক্ষের দ্বন্দ্ব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছিনতাইয়ের সঙ্গে জড়িত থাকার অভিযোগে রংপুরের কারমাইকেল কলেজ ছাত্রলীগের এক নেতাকে বহিষ্কার করায় সংগঠনটির বিবদমান দুটি পক্ষ বিপরীতমুখী অবস্থান নিয়েছে৷ গত বৃহস্পতিবার ওই নেতাকে মারধর করা হয়েছে৷
সংগঠন-সংশ্লিষ্টদের কাছে জানা গেছে, কলেজ কমিটির সাংগঠনিক সম্পাদক জাবেদ আলীর নেতৃত্বাধীন একটি সংঘবদ্ধ পক্ষ কলেজ ক্যাম্পাসসহ আশপাশ এলাকায় ছিনতাইসহ নানা অপকর্মের সঙ্গে জড়িত৷ ওই নেতার বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগও রয়েছে৷ এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে গত ১৪ মে জাবেদ আলীকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়৷ এ বিষয়ে জেলা ছাত্রলীগের অনুমোদন নিয়ে কেন্দ্রীয় কমিটিকেও তা জানানো হয়৷ এ ঘটনার পর থেকে জাবেদ আলীর নেতৃত্বে একটি পক্ষ আরও বেপরোয়া হয়ে ওঠে৷ পরে বৃহস্পতিবার দুপুরের দিকে জাবেদ আলীকে অন্য একটি পক্ষ ক্যাম্পাসে বেদম মারধর করে৷ তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে৷
জাবেদের পক্ষ নেওয়া কলেজ কমিটির সহসভাপতি শাহ আলম বলেন, নেতৃত্ব নিয়ে সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকের মধ্যে বিরোধ চলে আসছিল৷ এরই জের ধরে জাবেদকে মারধর করা হয়৷
চিকিৎসাধীন অবস্থায় গতকাল শুক্রবার জাবেদ আলী বলেন, ‘আমরা কলেজ ক্যাম্পাসের পোস্ট অফিসের পাশে কয়েকজন গল্প করছিলাম৷ এ সময় ছাত্রলীগের কতিপয় কর্মী হামলা করে আমাকে বেদম মারপিট করে৷’
সংগঠনের সভাপতি রাফিউর রহমান বলেন, জাবেদের ওপর হামলার ঘটনায় ছাত্রলীগের কেউ জড়িত নন৷ তিনি (জাবেদ) যাঁদের সঙ্গে চলাফেরা করেন, তাঁরাই তাঁকে মারধর করেছেন৷
সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বলেন, ‘তাঁর (জাবেদ) বিরুদ্ধে ছিনতাইসহ নানা অপকর্মের অভিযোগ রয়েছে৷ এসব অভিযোগের ভিত্তিতে তাঁকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়৷’
জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফসরুল হাসান বলেন, জাবেদের বিরুদ্ধে ছিনতাইসহ নানা অভিযোগ ওঠায় তাঁকে সংগঠন থেকে বহিষ্কার করে তা কেন্দ্রীয় কমিটিকে জানানো হয়েছে৷ কলেজে সৃষ্ট ঘটনায় বর্তমান ছাত্রলীগের কেউ জড়িত নয়৷ এ ব্যাপারে তিনি সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন৷
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাদের জিলানী বলেন, কলেজে পুলিশের টহল জোরদার করা হয়েছে৷