বরিশালের গৌরনদী উপজেলা যুবলীগের তিন নেতা ও যুবদলের চার নেতা পালরদী নদীর আড়াই কিলোমিটার এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছেন বলে অভিযোগ উঠেছে। বালু উত্তোলনের ফলে গৌরনদী-টরকী সড়কের বেশ কিছু অংশ ভেঙে নদীতে বিলীন হয়ে গেছে এবং টরকী বড় ব্রিজ ও বড় কসবা আবাসন প্রকল্প হুমকির মুখে পড়েছে।গত বৃহস্পতিবার বেলা ১১টার দিকে সরেজমিনে দেখা গেছে, গৌরনদী-টরকী সড়কসংলগ্ন নদীর প্রায় আড়াই কিলোমিটারে সাতটি শ্যালো ইঞ্জিন বসিয়ে বালু উত্তোলন করা হচ্ছে। বড় ব্রিজের প্রায় দেড় শ মিটার দূর থেকেও বালু তোলা হচ্ছে। স্থানীয় লোকজন জানান, তিন মাস ধরে দিনরাত এভাবে বালু উত্তোলন করা হচ্ছে। যুবলীগ ও যুবদলের স্থানীয় প্রভাবশালী নেতারা এ কাজ করছেন। তাঁরা হলেন গৗরনদী উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য সলেমন হাওলাদার, রনি খান ও মো. ইমাম এবং উপজেলা যুবদলের সদস্য গফুর সরদার, নান্নু খান, খোকন খান ও মো. সালাউদ্দিন।বড় কসবা গ্রামের আবদুর রশিদ ও জাহাঙ্গীর হোসেন, রমজানপুর গ্রামের জানে আলমসহ কয়েকজন জানান, তিন মাস ধরে সাতটি যন্ত্র দিয়ে অবিরাম বালু উত্তোলন করা হচ্ছে। গত বর্ষায় নদীর পাড়সহ টরকী-গৌরনদী সড়কের কিছু অংশ ভেঙে বিলীন হয়ে গেছ। আগামী বর্ষায় অবস্থা আরও খারাপ হবে। রমজানপুর গ্রামের আকতার হোসেন, উত্তর রমজানপুর গ্রামের বশির আহমেঞ্চদ ও মশিউল আলম জানান, বরিশাল এলজিইডি ১৯৯৯-২০০০ অর্থবছরে আড়াই কোটি টাকা ব্যয় করে টরকীর চর এলাকায় গৌরনদী-কালকিনি সংযোগ সেতু (বড় ব্রিজ) নির্মাণ করে। বালু উত্তোলন করায় এই সেতুটি হুমকির মুখে রয়েছে। বড় কসবা আবাসন প্রকল্পের সভাপতি আবুল কাসেম অভিযোগ করেন, প্রভাবশালীদের বালু উত্তোলনের ফলে তাঁদের আবাসন প্রকল্পের পশ্চিম পাশে ভাঙন শুরু হয়েছে।উপজেলা প্রকৌশলী বিপুল কুমার বলেন, এই নদীতে লঞ্চ চলাচল করায় ও স্রোত থাকায় দেড়-দুই শ মিটার দূর থেকে বালু তুললেও সেতুর ক্ষতি হওয়ার যথেষ্ট আশঙ্কা আছে। এ ব্যাপারে যুবদলের নেতা গফুর সরদার, সালাউদ্দিন হাওলাদার, নান্নু খান ও খোকন খান জানান, বালু উত্তোলনে নদীর কোনো ক্ষতি হচ্ছে না। যুবলীগের নেতা সলেমন হাওলাদার ও মো. ইমাম জানান, বালু তোলায় ভরাট নদী খনন হয়। এতে ক্ষতি কী? বরং সরকারের উপকারই হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দিদারে আলম মোহামঞ্চদ মাকসুদ চৌধুরী বলেন, ‘এদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’