নেতাদের আটক রেখে সরকারই মানবতার বিরুদ্ধে অপরাধ করছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতের নেতাদের আটক রেখে সরকার নিজেই মানবতাবিরোধী অপরাধ করছে বলে দাবি করেছেন জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ।একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আটক দলের শীর্ষস্থানীয় নেতাদের গ্রেপ্তারের এক বছর পূর্তি উপলক্ষে গতকাল সকালে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এক সমাবেশে তিনি এ অভিযোগ করেন।মকবুল আহমাদ বলেন, গত এক বছরে সরকার নিজামী, সাঈদী ও মুজাহিদের বিরুদ্ধে কোনো অভিযোগ দায়ের করতে পারেনি। বিনা বিচারে তাঁদের আটক রেখে সরকার নিজেই মানবতাবিরোধী অপরাধ ও সংবিধান লঙ্ঘন করেছে। তিনি মতিউর রহমান নিজামীসহ দলের শীর্ষস্থানীয় নেতাদের বিনা শর্তে মুক্তি দাবি করেন।গত বছরের ২৯ জুন মতিউর রহমান নিজামী, আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ ও দেলাওয়ার হোসাইন সাঈদীকে একযোগে গ্রেপ্তার করা হয়। এর কিছুদিন পর গ্রেপ্তার করা হয় মুহাম্মদ কামারুজ্জামান ও আবদুল কাদের মোল্লাকে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই পাঁচ নেতার বিচারের প্রক্রিয়া শুরু হয়েছে।মকবুল আহমাদ ৪০ বছর আগের মানবতাবিরোধী অপরাধ না খুঁজে বর্তমান সরকারকে তাদের আমলে সংঘটিত তাজা মানবতাবিরোধী অপরাধের বিচার করতে বলেন।দলের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলাম বলেন, ১৯৫ জন চিহ্নিত যুদ্ধাপরাধীকে ক্ষমা করে মরহুম শেখ মুজিবুর রহমান ৩০ লাখ শহীদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন।জামায়াতের ঢাকা মহানগরের আমির রফিকুল ইসলাম খানের সভাপতিত্বে সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া, ইসলামী ঐক্যজোটের মহাসচিব আবদুল লতিফ নেজামী, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) মহাসচিব শামীম আল মামুন, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সভাপতি শফিউল আলম প্রধানসহ সমমনা ১১টি দলের শীর্ষস্থানীয় নেতারা বক্তব্য দেন।