নেতাদের কথা...
লালমনিরহাট রেলওয়ে শ্রমিক লীগ নেতাদের বাধায় রেলওয়ের পদোন্নতি-প্রত্যাশী তৃতীয় ও চতুর্থ শ্রেণির সাত প্রার্থীর পরীক্ষা পণ্ড হয়েছে। গতকাল বুধবার লালমনিরহাট রেল বিভাগীয় প্রকৌশলীর (ডিটিএস) চেম্বারের একটি কক্ষে এ পরীক্ষা চলছিল।
পরীক্ষায় অংশগ্রহণকারীরা হলেন লালমনিরহাটের অফিস সহায়ক রাকিব হাসান, ট্রেন নম্বর টেকার মাইদুল ইসলাম, ইয়ার্ড ফোরম্যান পরেশ চন্দ্র সরকার, বগুড়ার পয়েন্টসম্যান উজ্জ্বল চন্দ্র দাস, পার্বতীপুরের ইয়ার্ড ফোরম্যান সাবেদ আলী, বোনার পাড়ার পয়েন্টসম্যান খন্দকার শামীম হোসেন ও ট্রেন নম্বর টেকার বঙ্কিম চন্দ্র সরকার।
পরীক্ষার্থী খন্দকার শামীম বলেন, ‘পরীক্ষা শুরুর মাত্র ৪০-৪৫ মিনিট পর রেল শ্রমিক লীগ নেতা জহিরুল ইসলাম দলবল নিয়ে এসে আমাদের সবার খাতা নিয়ে চলে যান।’ তিনি শঙ্কা প্রকাশ করে বলেন, এই পরীক্ষা আর কখনো হবে কি না, তা অনিশ্চিত হয়ে গেল। তিনি ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
পরীক্ষা গ্রহণ আহ্বায়ক কমিটির সদস্য লালমনিরহাট রেল বিভাগীয় সংস্থাপন কর্মকর্তা (ডিপিও) রবিউল ইসলাম বলেন, স্থানীয় রেল শ্রমিক লীগ নেতা জহিরুলের নেতৃত্বে কয়েকজন শ্রমিকনেতা হঠাৎ পরীক্ষার কক্ষে ঢুকে সাত পরীক্ষার্থীর খাতা নিয়ে যান। তিনি বলেন, পরীক্ষাটি গ্রহণ করা নিয়ে শ্রমিক লীগ নেতারা আপত্তি জানিয়েছিলেন। তা না শোনায় এমনটা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
লালমনিরহাট রেল বিভাগীয় ব্যবস্থাপক (ডিআরএম) নাজমুল ইসলাম বলেন, যাঁরা ঘটনাটি ঘটিয়েছেন, তাঁরা সবাই প্রভাবশালী রেলশ্রমিক নেতা। উদ্ভূত পরিস্থিতে এ লিখিত পরীক্ষাটি আপাতত স্থগিত করা হয়েছে।
লালমনিরহাট রেল বিভাগীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম বলেন, ‘এই পরীক্ষা নিয়ে আমাদের আপত্তির কথা না শোনায় বাধ্য হয়ে সাত পরীক্ষার্থীর খাতা নিয়ে এসেছি।’ তিনি বলেন, ‘পরীক্ষা গ্রহণকারীরা বিশেষ স্বার্থে এখন পরীক্ষা নিচ্ছিলেন। আমরা দু-তিন মাস পরে নিতে বলেছিলাম।’