নেতাদের কোন্দলে ফেরত যাবে গরিবের টাকা
কক্সবাজারের উপকূলীয় উপজেলা পেকুয়ায় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতাদের কোন্দলের কারণে ‘একটি বাড়ি একটি খামার’ প্রকল্প বাস্তবায়ন করা সম্ভব হচ্ছে না। তবে আওয়ামী লীগের নেতারা এই কোন্দল ও প্রকল্প বাস্তবায়নে দীর্ঘসূত্রতার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) ইন্ধন, অনিয়ম ও দুর্নীতিকে দায়ী করছেন। ফলে প্রকল্পের বিপরীতে এলাকার দরিদ্র জনগণের জন্য বরাদ্দ প্রায় ৩৪ লাখ টাকা ফেরত যাওয়ার উপক্রম হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, গত বছর জুলাই মাসে উপজেলার সাতটি ইউনিয়নের মধ্যে চারটিতে (মগনামা, উজানটিয়া, সদর পেকুয়া ও রাজাখালী ইউনিয়ন) এক হাজার ২০০ (প্রতি ইউনিয়নে ৩০০) গরিব পরিবারের তালিকা তৈরি করে গরু, হাঁস-মুরগি, টিন, বীজ, চারা ও ঋণসুবিধা দিয়ে পুনর্বাসন করার কথা। তখন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক শাফায়েত আজিজ ওরফে রাজু প্রকল্পের একটি তালিকা তৈরি করে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠান। এ সময় তালিকা তৈরিতে অনিয়ম-দুর্নীতি ও স্বজনপ্রীতির অভিযোগ তুলে উপজেলার উজানটিয়া ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক তোফাজ্জল করিম হাইকোর্টে একটি রিট করেন। এতে উপজেলা পরিষদের চেয়ারম্যান শাফায়েত আজিজ, ইউএনও নুর-ই-খাজা আলামীন, সংশ্লিষ্ট চার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ ১১ জনকে অভিযুক্ত করা হয়। রিটের পরিপ্রেক্ষিতে আদালত প্রকল্পের কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত করেন। এরপর থেকে ইউএনওর তত্ত্বাবধানে আওয়ামী লীগ-বিএনপি একাধিকবার সমঝোতা বৈঠকে বসেও কোনো সুরাহা হয়নি। প্রকল্পের সদস্যসচিব ও উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা নূরুল আলম মিয়াজী জানান, গত ৩০ জুন প্রকল্প বাস্তবায়নের সময় শেষ হওয়ায় বরাদ্দের সব টাকা বিআরডিবি কর্মকর্তা ও ইউএনওর যৌথ অ্যাকাউন্টে (ব্যাংকের হিসাবে) সরিয়ে রাখা হয়েছে। এখন দ্রুততম সময়ের মধ্যে প্রকল্পটি বাস্তবায়ন সম্ভব না হলে পুরো টাকা ফেরত যাবে। তখন এলাকার ৩৮৪টি দরিদ্র পরিবার ক্ষতিগ্রস্ত হবে।উপজেলা পরিষদের চেয়ারম্যান ও প্রকল্পের সভাপতি শাফায়েত আজিজ জানান, আওয়ামী লীগ নেতা তোফাজ্জল করিম হাইকোর্টে যে রিট করেছিলেন, সেটি সমঝোতায় মাধ্যমে তালিকা তৈরির শর্তে মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত হয়। কিন্তু আওয়ামী লীগ নেতাদের তালিকা তৈরি নিয়ে কোন্দলের কারণে পুরো প্রকল্পটি ভেস্তে যেতে বসেছে। ইউএনও নুর-ই-খাজা আলামীন বলেন, ‘স্থানীয় আওয়ামী লীগ তিন ভাগে বিভক্ত। একেক পক্ষ একেক সময় তালিকা নিয়ে হাজির হয়। কথা রাখতে না পারলে তারা আন্দোলনের নামে নানা অপপ্রচার চালায়। আসলে এই তালিকা তৈরির পেছনে আমার কোনো হাত নেই। সে হিসেবে অনিয়ম, দুর্নীতিতে জড়িত হওয়ার কোনো সুযোগও নেই। তা ছাড়া প্রকল্পের আওতায় এখন পর্যন্ত কাউকে এক টাকারও সুবিধা প্রদান করা হয়নি।’ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছাদেকুর রহমান ওয়ারেছী জানান, ইউএনও বিএনপির সমর্থক। গত ৩০ জুন প্রকল্প বাস্তবায়নের মেয়াদ শেষ হওয়ায় প্রকল্পের জন্য বরাদ্দ প্রায় ৩৪ লাখ টাকা তিনি দুস্থদের মধ্যে বিতরণ দেখিয়ে নিজের ব্যাংক হিসাবে জমা রাখেন। এখন ২০ হাজার টাকা দামের প্রতিটি গরু পাঁচ-দশ হাজার টাকায় কিনে বাকি টাকা আত্মসাতের চক্রান্ত চালাচ্ছেন। এতে দলের কিছু সুবিধাবাদী নেতার ইন্ধন রয়েছে।অবশ্য ইউএনও কম দামে গরু কেনার অভিযোগ ভিত্তিহীন দাবি করে বলেন, বিএনপির সঙ্গে তাঁর কোনো সময় সম্পৃক্ততা ছিল না। ইউএনওর অনিয়ম প্রসঙ্গে ২৮ জুলাই দুপুরে একটি বাড়ি একটি খামার প্রকল্পের প্রকল্প পরিচালক প্রশান্ত কুমার রায় প্রথম আলোকে বলেন, ‘উনি এই দায়িত্ব নিতে রাজি ছিলেন না। গরিব লোকজনের স্বার্থের কথা বিবেচনা করে দায়িত্বটা আমি তাঁকে দিয়েছিলাম।’