নেতাদের নিয়ে শঙ্কায় বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপি
বিএনপি

বিএনপি নির্বাচনে অংশ না নিলে দলের সব নেতাকে নির্বাচন থেকে বিরত রাখতে পারবে কি না—তা নিয়ে শঙ্কিত হয়ে পড়েছে দলটি। কারণ, সরকার গণপ্রতিনিধিত্ব আদেশ আইন (আরপিও) সংশোধন করে কোনো দলে যোগ দিয়েই সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার সুযোগ করে দিয়েছে।
বিএনপির নেতারা বলেছেন, বিএনএফ নামে নতুন দল দাঁড় করিয়ে বিএনপিকে ভাঙতে ব্যর্থ হয়ে নতুন ষড়যন্ত্র হিসেবে আরপিও সংশোধন করা হয়েছে।
নির্বাচনে প্রার্থী হওয়ার যোগ্যতা ও অযোগ্যতা-সম্পর্কিত ১২/জে ধারায় বলা ছিল, সংসদ নির্বাচনে রাজনৈতিক দলের প্রার্থী হতে হলে তিন বছর নিরবচ্ছিন্নভাবে সংশ্লিষ্ট দলের সদস্য থাকতে হবে। গত ২৮ অক্টোবর সংশোধন করে এ ধারা তুলে দেওয়া হয়েছে। ফলে যে কেউ যেকোনো দলের প্রার্থী হতে পারবেন। নিজ দল থেকে মনোনয়ন না পেলে অন্য দল থেকেও সেই ব্যক্তি প্রার্থী হওয়ার সুযোগ পাবেন।
জানা গেছে, এ আইন সংশোধনের জন্য সবচেয়ে সোচ্চার ছিল আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোটের শরিক জাতীয় পার্টি। জাতীয় পার্টির সাংসদ মুজিবুল হক (চুন্নু) এ ধারা বাদ দিতে একটি ‘বেসরকারি বিল’ সংসদীয় কমিটিতে দিয়েছিলেন। যদিও ওই সময় গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর কমিটি এ বিলের ব্যাপারে তাদের ভিন্নমত জানিয়ে দেয়। পরে খোদ জাতীয় পার্টির প্রধান এইচ এম এরশাদ নির্বাচন কমিশনে চিঠি দিয়ে ধারাটি বাতিলের সুপারিশ করেছিলেন। তবে কমিশন এ অনুরোধ আমলে নেয়নি।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার বলেন, সরকার বিএনপিকে ভাঙার ষড়যন্ত্র করেছে এবং করছে। এ জন্য তাদের ‘আজ্ঞাবহ’ নির্বাচন কমিশনকে তারা ব্যবহার করছে। একতরফা নির্বাচন করার জন্য আওয়ামী লীগ অনেক কিছুই করছে। কিন্তু তারা সফল হতে পারবে না।

নির্বাচন কমিশন বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ) নামে একটি দল নিবন্ধন দেওয়ার প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে। অভিযোগ আছে, বিএনপিকে ভাঙতে একটি গোয়েন্দা সংস্থা এ দলের নিবন্ধন দিতে কমিশনের ওপর চাপ সৃষ্টি করে চলছে। শুরুতে বিএনপি থেকে বহিষ্কৃত নেতা নাজমুল হুদাকে দিয়ে এ দলটি গঠন করা হয়। পরে নাজমুল হুদা সরে দাঁড়ালে সেই দায়িত্বটি নেন আবুল কালাম আজাদ নামের এক ব্যক্তি। এক-এগারোর সময় আবুল কালাম আজাদ কল্যাণ পার্টির সাধারণ সম্পাদক ছিলেন। কিন্তু সম্প্রতি গণমাধ্যমে লেখালেখি এবং বিএনপির প্রতিরোধের কারণে মাঠপর্যায়ে বিএনএফের শক্তিশালী সাংগঠনিক কাঠামো দাঁড় করানো সম্ভব হয়নি।

বিএনপি মনে করছে, সরকার নতুন কৌশল হিসেবে আরপিও সংশোধন করেছে। দলটির নেতারা আশঙ্কা করছেন, সরকার বিএনপি থেকে নেতাদের প্রলোভন দেখিয়ে বিএনএফে যোগ দেওয়ার জন্য উৎসাহিত করবে।

জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ প্রথম আলোকে বলেন, বিরোধী দলকে বেকায়দায় ফেলতে বা তাদের মধ্যে অস্থিরতা তৈরি করতে হয়তো আরপিও সংশোধন করেছে সরকার। কিন্তু এটা করতে গিয়ে রাজনীতি ক্ষতিগ্রস্ত হয়েছে। এটা দেশের জন্য মোটেও ভালো হবে না।

বিএনপির নীতিনির্ধারক পর্যায়ের একাধিক নেতা বলেন, আইন সংশোধন হওয়ায় সব দলের জন্য মনোনয়ন-বাণিজ্য সহজ হবে। তবে তাঁরা মনে করেন, সংশোধনের পেছনে এটা সরকারের কাছে মূল উদ্দেশ্য ছিল না। মূলত বিএনপি ও জামায়াতে ইসলামীর মধ্যে অস্থিরতা সৃষ্টির জন্য আইন সংশোধন করা হয়েছে।

বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোট ক্ষমতাসীন আওয়ামী লীগের অধীনে নির্বাচনে অংশ নেবে না বলে ঘোষণা দিয়েছে। আর আওয়ামী লীগও প্রধান বিরোধী দলকে বাইরে রেখেই একতরফা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে বলে অভিযোগ করেছে বিএনপি।

বিএনপির কয়েকজন নেতা বলেন, আরপিও সংশোধনের ফলে বিএনপি ও জামায়াতের মধ্যে দুভাবে অস্থিরতা তৈরি হতে পারে। নির্বাচনে বিরোধী জোট অংশ না নিলে সংসদীয় এলাকার তৃতীয়, চতুর্থ বা আর নিচের স্তরের নেতারা অন্য দল থেকে নির্বাচনে প্রার্থী হয়ে যেতে পারেন। সে ক্ষেত্রে আওয়ামী লীগের একতরফা নির্বাচনে ভোটার উপস্থিতি কমাতে জোটের নির্বাচন প্রতিহত করার আন্দোলনে ভাটা পড়তে পারে। দ্বিতীয়, জামায়াতে ইসলামীর নিবন্ধন অবৈধ বলে দেওয়া হাইকোর্টের রায় সুপ্রিম কোর্টে বহাল থাকলে দলটির নেতারা বিএনপির ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার চেষ্টা করবেন। জামায়াত নেতারা নির্বাচন করতে পারবেন না মনে করে যেসব বিএনপি নেতা সংশ্লিষ্ট এলাকায় প্রচার-প্রচারণায় নেমেছেন, তাঁদের সঙ্গে জামায়াতের দ্বন্দ্ব দেখা দেবে।

গতকাল বৃহস্পতিবার আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির তিনজন নেতাও প্রথম আলোকে বলেছেন, বিএনপির বেশিসংখ্যক নেতা নির্বাচনে এলে তখন আর নির্বাচনকে একতরফা বলা যাবে না। বিভিন্ন আসনে বিএনপির নেতারা অন্য দল বা স্বতন্ত্র নির্বাচন করলে ভোটের হারও বাড়বে। প্রধান বিরোধী দল বিএনপির অনুপস্থিতিতে নির্বাচন হবে এটা ধরে নিয়েই নির্বাচন গ্রহণযোগ্য দেখাতে ভোটার উপস্থিতি বাড়ানোর ওপরও গুরুত্ব দিচ্ছে আওয়ামী লীগ।

জানতে চাইলে সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার প্রথম আলোকে বলেন, আরপিওতে এই সংশোধনী মোটেও গ্রহণযোগ্য নয়। কোনো দল ভাঙার জন্য এটা করা হয়ে থাকতে পারে। দুরভিসন্ধি নিয়ে কাজটা করা হয়েছে। এর পরিণাম ভালো হবে বলে মনে হয় না।